ইসি বললেও সাংসদের বিরুদ্ধে মামলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাচন কর্মকর্তাকে স্থানীয় সাংসদ মারধর করেছেন—গতকাল বৃহস্পতিবার দিনভর চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সদরের বিভিন্ন দোকানপাট, হোটেল ও চায়ের আড্ডায় এ বিষয়টিই সাধারণ মানুষের আলোচনায় ছিল। তাঁরা এ ঘটনার জন্য সাংসদকে দায়ী করেন। তবে সাংসদের অনুসারী প্রায় ৩০০ নেতা-কর্মী উপজেলা সদরে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। তাঁদের দাবি, সাংসদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।

নির্বাচন কমিশনের লিখিত আদেশ পেলেও বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত থানায় মামলা করেননি। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি দুপুরে নির্বাচন কমিশন থেকে মৌখিকভাবে এবং বিকেল পাঁচটার পর লিখিতভাবে মামলা করার অনুমতি পেয়েছি। আমার শরীর ভালো না। সুবিধামতো সম​েয় মামলা হবে। তখন আপনারা জানতে পারবেন।’

পছন্দমতো নির্বাচন কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় গত বুধবার বেলা সাড়ে ১১টায় বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডেকে নেন। তখন ইউএনও তাঁর কার্যালয়ে ছিলেন না। পরে ওই কার্যালয়ের দরজা বন্ধ করে সাংসদ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধর করেন। এই অভিযোগ ওঠার পর বুধবার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে সাংসদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বাঁশখালীর সব কটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করে ইসি।

গতকাল দুপুরে উপজেলা সদরে কথা হয় বাঁশখালীর কালিপুর ইউনিয়নের ষাটোর্ধ্ব কৃষক আজিজুল হকের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘একজন সরকারি কর্মকর্তাকে মারধর করা খুব অন্যায় হয়েছে। তাঁরা মেহমান। এমপি সাহেব রাজনৈতিক ক্যাডারের মতো আচরণ করে বাঁশখালীবাসীকে লজ্জায় ফেলে দিলেন।’

উপজেলার ছনুয়া ইউনিয়নের লেদু মিয়া (৫২) নামের আরেক কৃষক সাংসদকে দায়ী করে বলেন, ‘ক্ষমতা আজীবন নয়—এ কথা এমপি সাহেবের মনে থাকা উচিত ছিল।’

সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বুধবারের ঘটনার জন্য আবারও নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে দায়ী করেন। গতকাল মুঠোফোনে তিনি বলেন, ‘চকরিয়া-পেকুয়ার (কক্সবাজারের দুটি উপজেলা) জামায়াত-শিবিরের ক্যাডারদের বাঁশখালীতে নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমি তাঁর (জাহিদুল) কাছে এ বিষয়ে জানতে চেয়েছিলাম। বিষয়টা নিয়ে আমার কর্মীদের সঙ্গে তাঁর একটু ধাক্কাধাক্কি হয়েছে। মারধরের ঘটনা সত্য নয়। আপনারা ঘটনাটিতে এত বড় করে লিখলেন কেন?’

এদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল সকাল সাড়ে ১০টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা ভবনের সামনে জড়ো হন। নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামের বিরুদ্ধে তাঁরা স্লোগান দেন। এই বিক্ষোভে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা অংশ নেন। বিভিন্ন ইউনিয়ন থেকে ২০-২৫ জন করে নেতা-কর্মী মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় চড়ে উপজেলা ভবনের সামনে গতকাল ১০টা থেকে জড়ো হতে থাকেন। তাঁরা ‘এমপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে না’, ‘শনিবারের নির্বাচন বন্ধ কেন, নির্বাচন কমিশন জবাব চাই’, ‘দুর্নীতিবাজ নির্বাচন কর্মকর্তার অপসারণ চাই’ ইত্যাদি স্লোগান দেন। এ সময় উপজেলা ভবনসহ আশপাশের এলাকায় বাঁশখালী থানার ওসি মো. আলমগীর হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বললে দুপুর ১২টার দিকে নেতা-কর্মীরা আধা কিলোমিটার দূরে বাঁশখালী পৌর ভবনে জড়ো হন। পৌর মেয়রের কক্ষে চেয়ারম্যান প্রার্থীরা এবং নেতা-কর্মীরা বাইরে অবস্থান নেন। তবে সেখানে কাউকে স্লোগান দিতে দেখা যায়নি।

বিক্ষোভের কারণ জানতে চাইলে বাহারছড়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও সাংসদ মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত সহকারী গতকাল দুপুরে বাঁশখালী পৌর ভবনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের এমপির বিরুদ্ধে কুৎসা রটিয়ে নির্বাচন কর্মকর্তা জাহিদুল সরকারের ভাবমূর্তি নষ্ট করেছেন। তিনি জামায়াত-বিএনপির চর। তাঁর কারণেই নির্বাচন স্থগিত হয়েছে। এ জন্য ১৪ ইউনিয়নের ক্ষুব্ধ বাসিন্দা এবং ১৩ জন চেয়ারম্যান প্রার্থী উপজেলা সদরে এসে শান্তিপূর্ণ অবস্থান নেন। এটা কোনো বিক্ষোভ কর্মসূচি নয়।’

তাজুল ইসলামের বিরুদ্ধে পছন্দের লোকের তালিকা দেওয়ার অভিযোগ করেছিলেন নির্বাচন কর্মকর্তা জাহিদুল। তবে গতকাল তাজুল ইসলাম এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ‘জাহিদুল আমাকে পাল্টা হুমকি দিয়েছিলেন। কিন্তু আমি যে তালিকা দিয়েছি এর প্রমাণ কী? সেখানে কি আমার লেখা আছে?’

পৌর ভবনে কালিপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আ স ম শাহাদাত আলম বলেন, ‘জাহিদুল নিজেকে গোপালগঞ্জের বাসিন্দা হিসেবে প্রভাব খাটাতেন। অথচ তাঁর কর্মকাণ্ডে জামায়াত-বিএনপি সুবিধা নিচ্ছে।’

বাঁশখালীর আওয়ামী লীগদলীয় পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী বুধবারের ঘটনাকে অতিরঞ্জিত এবং নির্বাচন কর্মকর্তার কারসাজি বলে মন্তব্য করেন।

এসব অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘আমি কমিশনের নীতিমালা মেনে কাজ করেছি। উনারা (চেয়ারম্যান প্রার্থী) অনেক কথাই বলতে পারেন। তাতে কিছু যায়-আসে না।’