ইসির নির্দেশ উপেক্ষা, সরানো হয়নি পোস্টার-ব্যানার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৮ ঘণ্টার মধ্যে বিলবোর্ড, ব্যানার-পোস্টারসহ সব ধরনের প্রচার উপকরণ অপসারণের জন্য নির্বাচন কমিশন (ইসি) নির্দেশ দিলেও তা উপেক্ষা করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা। গতকাল শুক্রবার রাতে ওই দুই সিটি করপোরেশনের বেশ কিছু এলাকা ঘুরে বিলবোর্ড দেখা না গেলেও ব্যানার, পোস্টার ও লিফলেট দেখা গেছে।
১৮ মার্চ ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ নির্বাচনী প্রচারে ব্যবহৃত সব ধরনের বিলবোর্ড, পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণের নির্দেশ দেন। প্রার্থীরা নির্দেশ পালন না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। সিইসি বলেন, ‘আমরা চাই, বিগত অন্যান্য সিটির মতো সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। প্রার্থীরা আচরণবিধি মেনে চলবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে।’
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী, আজিমপুর, লালবাগ, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কমলাপুর, সবুজবাগ, মালিবাগ, মগবাজার, রামপুরা, হাতিরঝিল, গুলশান ও বনানীর রাস্তার দুই পাশে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নানা রঙিন ও সাদাকালো পোস্টার এবং ব্যানার দেখা গেছে। তবে দুই সিটি করপোরেশন এলাকায় যেসব বিলবোর্ড আগেই স্থাপন করা হয়েছিল, তা ইতিমধ্যে সরানো হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশরের আওতাভুক্ত লালবাগ, গুলিস্তান, সায়েদাবাদ, কোর্ট-কাছারি এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজি মো. সেলিম, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সাইফউদ্দিন আহমেদের পোস্টার ও ব্যানার সাঁটানো রয়েছে। যাত্রাবাড়ী ও দনিয়া এলাকায় ঢাকা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আর কে চৌধুরীর পোস্টারও দেখা গেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যবসায়ী নেতা আনিসুল হক, সাংসদ কামাল আহমেদ মজুমদার, স্বতন্ত্র প্রার্থী এখলাস উদ্দিন মোল্লা, ইমরান উদ্দিন মোল্লা, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের রঙিন পোস্টার ও ব্যানার দেখা গেছে। এ ছাড়া মিরপুর এলাকা থেকে বিভিন্ন রুটের গাড়ির পেছনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের রঙিন ও সাদাকালো পোস্টার সাঁটানো রয়েছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সম্ভাব্য সব কাউন্সিলর প্রার্থীদের পোস্টার দেখা গেছে।
বিলবোর্ডসহ প্রচারের বিভিন্ন উপকরণ সরিয়ে নেওয়া প্রসঙ্গে গতকাল শুক্রবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সাঈদ খোকন বলেন, ‘আমার জানামতে তফসিল ঘোষণার আগে যদি কেউ শুভেচ্ছা দিয়ে কোনো উপলক্ষকে কেন্দ্র করে কোনো ধরনের বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার দিয়ে থাকেন, সেখানে আইনের কোনো লঙ্ঘন সাধারণত হয় না।’
আর আনিসুল হক বলেন, ‘আইন আজ রাত ১২টা (গতকাল) থেকে কার্যকর হবে। আমরা চাই না, আমাদের কারও পোস্টার, কারও বিলবোর্ড, কারও ফেস্টুন ২১ দিনের আগে আবার উঠুক। সেদিকে আমরা আপ্রাণ চেষ্টা করছি।’
তিন সিটি করপোরেশনে ভোট গ্রহণ হবে আগামী ২৮ এপ্রিল। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে ২৯ মার্চের মধ্যে। মনোনয়নপত্র বাছাই ১ ও ২ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল। আগামী ১০ এপ্রিল চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরই প্রচারে নামতে পারবেন প্রার্থীরা।