ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর বাড্ডা এলাকার রাবেয়া কুলসুম (২৮) নামের এক নারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে বাড্ডার ভূঁইয়াবাড়ি এলাকার একটি বাড়ির দোতলায় তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। রাবেয়া আফতাবনগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষিকা ছিলেন বলে জানায় পুলিশ।
প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম জলিল। প্রথম আলোকে তিনি বলেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অন্য এক শিক্ষিকার সঙ্গে ভূঁইয়াবাড়ির একটি বাসার দোতলায় ভাড়া থাকতেন রাবেয়া। সম্প্রতি ওই শিক্ষিকা তাঁর নবজাতক সন্তানকে নিয়ে মালয়েশিয়াপ্রবাসী স্বামীর কাছে যান। এরপর রাবেয়া একাই ওই ফ্ল্যাটে ছিলেন।
গতকাল মঙ্গলবার রাতে রাবেয়া তাঁর আরেক বান্ধবীকে ফোন করেন। ফোনে তাঁকে আর খোঁজ না করার অনুরোধ করেন। ওই বান্ধবী রাবেয়ার ভাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ আহমেদকে এ সংবাদ জানান। রাতে রাবেয়াকে তাঁর বাসার নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান রিয়াজ। পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে রাবেয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ময়নাতদন্তের জন্য রাবেয়ার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ওসি এম এ জলিল বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে রাবেয়ার মৃত্যুর কারণ জানা যেতে পারে।