ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের হামলা, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গতকাল দুপুরে পুলিশ হামলা চালায়। এতে এক শিক্ষকসহ অন্তত ৩০ জন আহত হন l ছবি: প্রথম আলো
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গতকাল দুপুরে পুলিশ হামলা চালায়। এতে এক শিক্ষকসহ অন্তত ৩০ জন আহত হন l ছবি: প্রথম আলো

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় শিক্ষকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল রাজধানীর আফতাবনগরে বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এ হামলার ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা দুই দফায় প্রায় পাঁচ ঘণ্টা রামপুরা ব্রিজের ওপরে রাস্তা অবরোধ করায় রামপুরা-প্রগতি সরণির দুই পাশে তৈরি হয় দীর্ঘ যানজট। দীর্ঘক্ষণ যানজটে বসে থাকা নিরুপায় লোকজন যানবাহন থেকে নেমে হাঁটতে শুরু করে। স্কুলফেরত অনেক শিক্ষার্থীকে নিয়ে অভিভাবকদের হাঁটতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেতনের সঙ্গে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গতকাল সকাল ১০টা থেকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে শিক্ষাপ্রতিষ্ঠানে জড়ো হন। বেলা দেড়টার দিকে দুই শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সামনের রামপুরা-প্রগতি সরণি অবরোধ করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্য শিক্ষকেরা এসে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরে যেতে বলেন। শিক্ষার্থীরা সরে যাওয়ার সময় বেলা সোয়া দুইটার দিকে আচমকা পুলিশ তাঁদের লাঠিপেটা করে এবং রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় একজন শিক্ষকসহ অন্তত ৩০ জন আহত হন। পুলিশের শটগানের গুলিতে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মুশফিকুর রহমান ও কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা পাল্টা ইট-পাটকেল ছোড়েন এবং বিশ্ববিদ্যালয়ের সামনে বাড্ডা পুলিশ ফাঁড়ি ভাঙচুর করেন।
মাথায় আঘাত পাওয়া শিক্ষার্থী মাহবুবুর রহমান বলেন, ‘আমরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। পুলিশ বিনা উসকানিতে ছাত্র ও শিক্ষকদের ওপর হামলা করে।’
তবে সেখানে উপস্থিত পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা প্রগতি সরণি অবরোধ করেন। তাঁদের বোঝানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু তাঁদের মধ্যে কয়েকজন পুলিশের ফাঁড়ি ভাঙচুর করেন। রাবার বুলেট ছোড়ার ব্যাপারে তিনি বলেন, ‘তদন্ত করা হবে। আমাদের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহমেদ শফি প্রথম আলোকে বলেন, ‘এটি ভ্যাট-বিরোধী আন্দোলনের একটি অংশ। সাড়ে ৭ শতাংশ ভ্যাট যোগ করাতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হতে পারেন। কিন্তু জনগণের ভোগান্তি হোক, সে রকম প্রতিবাদ আমি চাচ্ছিলাম না। শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে নিয়ে আসছিলাম। তখন বিনা উসকানিতে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা করে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল রুমে গিয়ে দেখি অতিরিক্ত রেজিস্ট্রার গুলিবিদ্ধ। তাঁর শরীর থেকে রক্ত ঝরছে। চারপাশে তাকিয়ে দেখতে পাই আরও অনেক ছাত্র গুলিবিদ্ধ। এতগুলো ছাত্রকে গুলিবিদ্ধ করাটা বাড়াবাড়ি মনে হয়েছে।’
আহত ছাত্রদের বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে ও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবারের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে।
দ্বিতীয় দফায়, বেলা আড়াইটা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা ও পুলিশ মুখোমুখি অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান দেন। বিকেল পৌনে পাঁচটার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রামপুরা সেতুর দিকে এগোন। কিন্তু সেতুতে উঠেই তাঁরা সড়কের ওপরে বসে দুই পাশের রাস্তা বন্ধ করে দেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ তাঁদের সরে যেতে বারবার অনুরোধ করে। কিন্তু শিক্ষার্থীরা অনড় থাকেন। রাত নয়টার দিকে তাঁরা সড়ক থেকে সরে যান।
সাধারণ যাত্রীদের ভোগান্তি: বিকেল পৌনে পাঁচটা থেকে রামপুরা সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সময়ের সঙ্গে সঙ্গে তা আরও তীব্র হয়।
দুপাশেই হাজারো যানবাহন আটকা পড়ে। দীর্ঘক্ষণ যানজটে বসে থাকা নিরুপায় লোকজন যানবাহন থেকে নেমে হাঁটতে শুরু করে। স্কুলফেরত অনেক শিক্ষার্থীকে নিয়ে অভিভাবকদের হাঁটতে দেখা যায়।
যাত্রাবাড়ী যাওয়ার জন্য অসুস্থ স্ত্রীকে নিয়ে রওনা দিয়েছিলেন ইসমাইল হোসেন। মধ্য বাড্ডা থেকে হাঁটতে শুরু করেছেন। বললেন, ‘দুই ঘণ্টা এক জায়গায় বসে থাকলাম। কখন গাড়ি ছাড়বে নিশ্চয়তা নাই, কতক্ষণ বসে থাকব? স্ত্রী অসুস্থ, তারপরও হেঁটে এগোচ্ছি।’
স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন আবেদা খানম। মালিবাগ থেকে হাঁটতে হাঁটতে বনশ্রীর বাসায় ফিরছিলেন। ক্ষোভের সঙ্গে বললেন, ‘আন্দোলনের নামে এভাবে ঘণ্টার পর ঘণ্টা রাস্তা বন্ধ করে রাখছে। মানুষকে যন্ত্রণা দিচ্ছে, প্রশাসন কী করছে?’