ইস্তিরির আঘাতে স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে স্বামীর ইস্তিরির আঘাতে এক গৃহবধূ মারা গেছেন। আজ মঙ্গলবার ভোররাত তিনটার দিকে নগরের হালিশহর মইন্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহত গৃহবধূর নাম এমি আক্তার (২৩)। স্বামী মো. হারুন (৩০)।

হারুনের বাবা আবুল কালামের দেওয়া তথ্যের বরাত দিয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবীর প্রথম আলোকে বলেন, চার মাস আগে মধ্যপ্রাচ্যপ্রবাসী হারুনের সঙ্গে এমি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে দুজনের বনিবনা হচ্ছিল না। গতকাল সোমবার রাতে হারুন-এমি দম্পতি এক আত্মীয়ের বাসায় বিয়ের দাওয়াত খেতে যান। রাতে বাসায় ফেরার পর দুজনের মধ্যে ঝগড়া হয়। এমিকে মারধর করেন হারুন। একপর্যায়ে ইস্তিরি দিয়ে এমির মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই এমি মারা যান।

ওসির ভাষ্য, ঘটনার পর প্রতিবেশীদের সহায়তায় বাবা কালাম হারুনকে আটকে রাখেন। পরে ওই এলাকার টহল পুলিশকে বিষয়টি জানানো হয়। তারা হারুনকে থানায় নিয়ে যায়। আজ সকালে ঘটনাস্থল থেকে এমির লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।