ইয়াবা আসরে প্রকৌশলী জিম্মি, গ্রেপ্তার ২
নগরের বায়েজিদ থানাধীন বালুছড়া এলাকার একটি বাসায় ইয়াবা সেবনের আসরে জাফর সাদেক নামের এক ডিপ্লোমা প্রকৌশলীকে ১৭ ঘণ্টা আটকে রাখার ঘটনায় দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় জড়িত এক আইনজীবীকেও পুলিশ খুঁজছে। গত সোমবার বিকেলে আটক ব্যক্তি মুক্তি পাওয়ার পর অভিযোগ করলে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, ঘটনার শিকার জাফর সাদেক একজন ডিপ্লোমা প্রকৌশলী। তিনি বন্ধুদের নিয়ে বালুছড়ায় কামরুল নামে এক বন্ধুর চাচার বাসায় নিয়মিত ইয়াবা সেবন করতেন। ওই বাসায় কামরুলের চাচা থাকেন না। গত রোববার রাতে জাফর সাদেক ইয়াবা আসরে গেলে বন্ধুরা তাঁকে ১৭ ঘণ্টা আটকে রেখে তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল ও বিকাশের মাধ্যমে নগদ ১৪ হাজার টাকা হাতিয়ে নেন। সোমবার বিকেল চারটায় তিনি জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে বায়েজিদ থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ দেন। অভিযোগে তিনি অজ্ঞাত একজনসহ তিনজনকে আসামি করেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন কামরুল হাসান এবং মো. সালাহউদ্দিন। এজাহারে অবশ্য সালাহউদ্দিনের নাম নেই। আসামি কামরুল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং সুজাউদ্দিন আইনজীবী। তিনি পলাতক রয়েছেন।
বায়োজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে বলেন, ‘জিম্মিদশা থেকে মুক্ত জাফরের সঙ্গে আসামিদের সম্পর্ক রয়েছে। জাফর সোমবার বিকেলে মুক্তি পেয়ে থানায় কামরুল হাসান ও সুজাউদ্দিনের বিরুদ্ধে মামলা করেন। এরপর আমরা অভিযান চালিয়ে মোটরসাইকেল এবং স্ট্যাম্প উদ্ধার করি। এজাহারভুক্ত আসামি কামরুলসহ দুজনকে গ্রেপ্তার করি। এজাহারে সালাউদ্দিনের নাম না থাকলেও তাঁর কাছে জাফরের মোটরসাইকেলটি পাওয়া গেছে। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকেই আদালতে পাঠানো হয়েছে।’