ইয়াবা উদ্ধারে গিয়ে হামলায় ৪ পুলিশ আহত
চট্টগ্রামের আনোয়ারায় ইয়াবা উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। ইয়াবা ব্যবসায়ীর সহযোগীদের হামলায় থানার চার পুলিশ সদস্য আহত হয়েছেন। উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামে গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।
থানা সূত্র জানায়, ইয়াবা থাকার খবর পেয়ে গতকাল রাত পৌনে নয়টার দিকে আনোয়ারা পুলিশের একটি দল উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের জসিমের (৪৫) ঘরে অভিযান চালায়। ওই সময় পুলিশ জসিমকে আটক করে ২০০টি ইয়াবা উদ্ধার করে। পুলিশ জসিমকে নিয়ে বের হলে তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায় ও তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় হামলায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম, এএসআই আবদুল হান্নান, উপপরিদর্শক (এসআই) আকরামুল হক ও কনস্টেবল মো. আকিব আহত হন। ইটের আঘাতে গুরুতর জখম হন রেজাউল।
পুলিশের ওপর হামলা করায় এসআই আকরামুল বাদী হয়ে রাতেই জসিমসহ ১৩ জনের নাম উল্লেখ করে আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে দুটি মামলা করেন।
এ ব্যাপারে আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম প্রথম আলোকে বলেন, রাতে ইয়াবাসহ জসিমকে আটকের পর তাঁর সহযোগীরা হামলা চালান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, পুলিশের ওপর হামলা ও ইয়াবা জব্দের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। জব্দ করা ইয়াবার মূল্য ৬০ হাজার টাকা।