ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ ডিবি কর্মকর্তার বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের চার দিন পর তাঁকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে নগর গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশের নাম আবছার উদ্দিন। আজ রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়। আদালত ১৫ দিনের মধে৵ এ বিষয়ে প্রতিবেদন দিতে নগর পুলিশকে নির্দেশ দিয়েছেন।

আদালতে দেওয়া অভিযোগে বলা হয়েছে, নগরের হালিশহর থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় এসআই আবছার উদ্দিন ২ জুলাই ঢাকার রামপুরার বাসা থেকে রানা আহম্মেদকে গ্রেপ্তারে করেন। পরে তাঁকে নগরের লালদীঘি এলাকায় ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এ মামলার আরেক আসামি মো. আজাদকে বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয়। এক লাখ টাকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এদিকে রানাকে মারধর না করার জন্য তাঁর ভাইয়ের কাছ থেকে এসএ পরিবহনের মাধ্যমে ৫ জুলাই এক লাখ নেন এসআই আবছার। ওই দিন সন্ধ্যায় নগরের পাহাড়তলীর একে খান মোড়ে নিয়ে যাওয়া হয় রানাকে। পরে সেখান থেকে রানার কাছ থেকে ৫০০ ইয়াবা বড়ি উদ্ধার করার হয়েছে দেখিয়ে পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এসআই আবছার উদ্দিন। পরের দিন রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রানার আইনজীবী কাজী সানোয়ার আহমেদ অভিযোগ করেন, প্রতারণার মামলায় ডিবি পুলিশ আসামিকে গ্রেপ্তার করলেও ওই মামলায় আদালতে না পাঠিয়ে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে মামলা দিয়েছে। রানাকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয় এবং কোতোয়ালি থানার হাজতখানায় রাখা হয়। তার ভিডিও চিত্র রয়েছে। চার দিন পর পুলিশের কাছে থাকা ইয়াবা বড়ি রানার নামে উদ্ধার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। এ ছাড়া মারধর না করার কথা বলে রানার পরিবারের কাছ থেকে এক লাখ টাকাও নেওয়া হয়। এসব বিষয় তুলে ধরা হলে আদালত ১৫ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে।

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে নগর গোয়েন্দা পুলিশের এসআই আবছার উদ্দিন আজ রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি ধামাচাপা দিতে আসামিপক্ষ ঘটনা সাজিয়েছে। ঢাকা থেকে কাউকে আটক করা হয়নি।