ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলায় টাকা না দেওয়ায় এক ব্যক্তিকে ইয়াবা বড়ি দিয়ে ফাঁসিয়ে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার সদরপুর থানার সামনে বিক্ষোভ করে। পরে সদরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ভাষাণচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আবু কালাম মৃধা। তিনি বলেন, তাঁর ভাগনে মো. শ্রাবণ ইসলাম ঢাকায় প্রাইভেট গাড়িচালক কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক। তিনি বন্ধুদের নিয়ে গত বুধবার রাতে সদরপুরের বাবুরচর বাজারের আনসার শপিং কমপ্লেক্সে বনভোজনের আয়োজন করেন। সে সময় শপিং কমপ্লেক্সটির সামনে তাঁর একটি মোটরসাইকেল রাখা ছিল। মোটরসাইকেলটিতে ইয়াবা বড়ি পাওয়া গেছে—এ কথা বলে সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ, সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেলসহ একদল পুলিশ শ্রাবণকে গাড়িসহ থানায় নিয়ে আসেন। এ ঘটনায় থানায় যোগাযোগ করা হলে শ্রাবণের মুক্তির ব্যাপারে দুই লাখ টাকা দাবি করা হয়। তা না দেওয়ায় গতকাল শ্রাবণকে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
মো. ছমির ব্যাপারী প্রথম আলোকে বলেন, সদরপুর পুলিশের কতিপয় সদস্য এলাকার ব্যবসায়ী ও বিত্তশীল ব্যক্তিদের টার্গেট করে কথিত মাদক মামলায় আটক করে টাকা আদায়সহ হয়রানি করছেন। এর অবসান হওয়া উচিত।
সদরপুর থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত গোলদার বলেন, শ্রাবণ ইসলামের মোটরসাইকেল থেকে ৫১টি ইয়াবা বড়ি পাওয়া গেছে। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বহুদিন ধরে পুলিশ তাঁকে খুঁজছিল। তিনি ভাষাণচর ইউপি চেয়ারম্যানের ছেলের বন্ধু। এ কারণে সংবাদ সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে এসব মনগড়া কথা বলা হচ্ছে।