পটুয়াখালীর গলাচিপায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা এক ব্যবসায়ীর দোকানে ইয়াবা ছুড়ে দিয়ে পরে তাঁকে গ্রেপ্তার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যবসায়ীর মুক্তি এবং তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে উলানিয়া বন্দরের ব্যবসায়ীরা গত মঙ্গলবার দুপুরে গলাচিপা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
উলানিয়া বন্দরের কয়েকজন ব্যবসায়ী জানান, সোমবার রাত নয়টার দিকে র্যাব-৮-এর একটি দল বন্দর এলাকার সদর রোডে অবস্থিত মো. ওবায়দুল হকের মালিকানাধীন হক ফার্মেসি থেকে তাঁকে আটক করেন। ওবায়দুলের স্বজনেরা এবং কয়েকজন ব্যবসায়ী জানান, ওই সময় র্যাবের এক সদস্য তাঁর ফার্মেসির ভেতরে একটি প্যাকেট ছুড়ে মারেন।
ওবায়দুল সেটি কুড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গে রাস্তায় ফেলে দেন। র্যাব সদস্যরা রাস্তা থেকে ওই প্যাকেটটি আবার কুড়িয়ে এনে তাঁর ফার্মেসির একটি চেয়ারের নিচে রেখে লোকজন ডাকতে থাকেন। এ সময় লোকজন জড়ো হলে তাঁদের বলা হয়, ওবায়দুল ইয়াবা ব্যবসায়ী। তাঁর কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। এরপর র্যাব সদস্যরা তাঁকে গাড়িতে তুলে পটুয়াখালী র্যাব ক্যাম্পে নিয়ে যান।
মঙ্গলবার সকালে ওবায়দুলকে গলাচিপা থানায় সোপর্দ করা হয়। এ সময় র্যাব-৮-এর উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক বাদী হয়ে ওবায়দুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, র্যাব-৮-এর সদস্যরা ৯৮টি ইয়াবা বড়িসহ ওবায়দুল হককে থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। পরে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করেন।
এদিকে ওবায়দুল হকের বিরুদ্ধে করা র্যাবের মামলাটিকে সাজানো এবং হয়রানিমূলক বলে দাবি করেছেন তাঁর স্বজন এবং উলানিয়া বন্দরের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা সাজানো এ মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বেলা দুইটার দিকে গলাচিপা পৌরমঞ্চ থেকে মিছিল বের করে শহর প্রদক্ষিণ করেন। মিছিলটি গলাচিপা থানার উত্তর ফটকের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য দেন উলানিয়া বন্দর বণিক সমিতির সহসভাপতি মো. মজিবর রহমান, সদস্য মো. মশিউর রহমান, আরিফুর রহমান, ব্যবসায়ী জাহিদ হাওলাদার প্রমুখ।
র্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ফায়জুল প্রথম আলোকে বলেন, ‘ওবায়দুল হকের সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই। স্থানীয় লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব-৮-এর একটি দল অভিযান চালিয়ে ওবায়দুলের ফার্মেসি থেকে ইয়াবা উদ্ধার করা হয়।’