ইয়াবা দিয়ে 'ফাঁসানোর চেষ্টা', দুই কনস্টেবল প্রত্যাহার
চট্টগ্রামে এক সাংবাদিককে গাড়ি থেকে নামিয়ে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে পুলিশের দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
ওই দুই কনস্টেবল হলেন নাজমুল হাসান ও তন্ময়। তাঁরা নগরের চান্দগাঁও থানার মোহরা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের দায়িত্ব থেকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম কার্যালয়ের প্রতিবেদক মোস্তফা ইউসুফ প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রাঙ্গুনিয়ার গ্রামের বাড়ি থেকে বাসে করে তিনি কর্মস্থলে আসছিলেন। নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় মোহরা পুলিশ ফাঁড়ির একটি দল বাসে তল্লাশি করতে ওঠে। তল্লাশি করে যাত্রীদের কাছে কিছু না পেয়ে কনস্টেবল নাজমুল আবারও তাঁর শরীর তল্লাশি করেন। কিছু না পেয়ে বাস থেকে নেমে যাওয়ার সময় পুলিশ সদস্যরা তাঁর পরিচয় জানতে চান। নিজেকে চাকরিজীবী পরিচয় দেওয়ার পর পুলিশের দুই সদস্য তাঁকে বাস থেকে নামিয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। পরে পুলিশ সদস্যরা বলেন, তাঁর পেটে ইয়াবা আছে। ইয়াবা শনাক্ত করতে এক্স-রে করা হবে। একপর্যায়ে ওই দুই কনস্টেবল হাতে থাকা ইয়াবা দিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করলে তিনিসাংবাদিক পরিচয় দেন। এরপর ওই দুই কনস্টেবল ভুল-বোঝাবুঝি হয়েছে বলে তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেওয়ার চেষ্টা করেন।
সাংবাদিক মোস্তফা ইউসুফ নগর পুলিশের উপকমিশনারের (উত্তর) কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন। নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ অঞ্চল) মো. জাহাঙ্গীর আলম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে দুই পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। সংগঠনের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, বিভিন্ন সময়ে মাদক উদ্ধার ও তল্লাশির নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ আছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।