ইয়াবা না বেচায় যুবককে ছুরি মেরে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে ইয়াবা ব্যবসায়ীরা এক দিনমজুরের ছেলেকে ছুরি মেরে গুরুতর আহত করেছেন। গত শনিবার দুপুরে নান্দাইল পৌরসভার পাছপাড়া মহল্লার নতুন মসজিদের কাছে এ ঘটনা ঘটেছে। আহত যুবক পৌরসভার ভাটিকান্দাপাড়া মহল্লার মো. আবুদল মোতালেবের ছেলে কাজল মিয়া (২০)। কাজলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাজল মিয়ার মা মরিয়ম বেগম অভিযোগ করেন, ইয়াবা বড়ি বেচতে রাজি না হওয়ায় দুই সপ্তাহ আগে তাঁর ছেলেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে শনিবার তাঁকে হত্যা করতে ছুরিকাঘাত করেন ইয়াবা ব্যবসায়ীরা। এ ঘটনায় তিনি ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা সাত-আটজনকে অভিযুক্ত করে শনিবার রাতে থানায় মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতের পর পৌরসভার পাছপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার ও আঘাতের কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। কাজলের মা বলেন, পাছপাড়া মহল্লার সরকার বাড়ির আবদুল মজিদের ছেলে কাঞ্চন ও শহিদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি চক্র ইয়াবার ব্যবসা করে। কাঞ্চন ও তাঁর সহযোগীরা কাজলকে দিয়ে ইয়াবা বিক্রি করাতেন। চাপ, হুমকি ও দরিদ্রতার কারণে তাঁর ছেলে কিছুদিন ইয়াবা বিক্রিও করেছেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে চাপ দিয়ে কাজলকে এসব কাজ করা থেকে বিরত রাখা হয়। হঠাৎ ব্যবসা বন্ধ করে দেওয়ায় কাঞ্চন ক্ষিপ্ত হয়ে কাজলকে হুমকি দেন। এ কারণে ভয়ে কাজল বাড়ি থেকে বের হতেন না। এভাবে দুই সপ্তাহ বাড়িতে কাটানোর পর শনিবার দুপুরে কাজল বাড়ি থেকে বের হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দিকে যাওয়ার পথে কাঞ্চন কাজলকে ছুরিকাঘাত করে সড়কের ওপর ফেলে চলে যান। আহত অবস্থায় কাতরাতে থাকলেও কাঞ্চনের সহযোগীরা কাজলকে হাসপাতালে নিতে বাধা দেন।
গতকাল রোববার সকালে কাঞ্চনের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। খবর দিলে কাঞ্চনের স্ত্রী রুনা অন্য বাড়ি থেকে এসে বলেন, তাঁর স্বামী ইয়াবার ব্যবসা করতেন কি না তা তাঁর জানা নেই। তবে চারজন প্রতিবেশী কাঞ্চনের এ ধরনের ব্যবসায় জড়িত থাকার কথা নিশ্চিত করেছেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, কাজলের মা মরিয়ম মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে পাছপাড়া থেকে আল-আমীন (২৪), ইউসুফ (১৯) ও আলমগীর হোসেন (২০) নামের তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার আল-আমীনের স্ত্রী জেসমিন বলেন, তাঁর স্বামী নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ডে আটোবাইক সিরিয়াল দেওয়ার কাজ করেন। তিনি অভিযোগ করে বলেন, ভাটিকান্দাপাড়া মহল্লার লোকজন তাঁর ঘরে ঢুকে তাঁকে মারধর করে তাঁর স্বামীকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।