ইয়াবা নিয়ে দেখা করতে গিয়ে কারাগারে তিনি
গাইবান্ধা জেলা কারাগারে এক আসামির সঙ্গে দেখা করতে গিয়ে রোকনুজ্জামান (২৪) নামের এক ব্যক্তি নিজেই কারাগারে গেলেন। কারণ তাঁর কাছে ইয়াবা বড়ি ছিল। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
রোকনুজ্জামান গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) রাকিব জানান, বেশ কিছু দিন ধরে মাদকদ্রব্য মামলায় গাইবান্ধা শহরের মুন্সিপাড়া এলাকার মাদক বিক্রেতা সৈকত মিয়া জেলা কারাগারে রয়েছে। আজ বিকেল চারটার দিকে কারাবন্দী সৈকত মিয়ার সঙ্গে দেখা করতে কারারক্ষীর কাছে অনুমতি চান রোকনুজ্জামান। এ সময় তাঁর গতিবিধি দেখে সন্দেহ হলে কারারক্ষীরা তাঁর শরীর তল্লাশি করে ১০২ পিস ইয়াবাসহ তাঁকে আটক করে সদর থানায় খবর দেয়। পরে রোকনুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, রোকনুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।