ইয়াবা পাচারকালে ধরা মিয়ানমারের পাঁচ নাগরিকসহ ৯ জন

মাছ ধরার ট্রলারে ইয়াবা পাচারকালে পাঁচ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭। এ সময় মিয়ানমারের পাঁচ নাগরিকসহ নয়জন পাচারকারী ও ট্রলারটি আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত একটা থেকে রাত আড়াই পর্যন্ত কক্সবাজার উপকূল ও কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ার আবু বকরের ছেলে ও ট্রলারের মালিক মো. সুলতান আহমদ (৪০), খাগড়াছড়ির রামগড় মালবাগানের মৃত শামসুল হকের ছেলে মো. মিজানুর রহমান (৪৭), লক্ষ্মীপুরের রামগতির আবদুল মতলবের ছেলে আবদুর রউফ (৪৫), রংপুর মিঠাপুকুরের আবদুল গফুরের ছেলে মো. আবদুর রাজ্জাক মিয়া (৫৫), মিয়ানমারের মংডুর মুন্সিপাড়ার নুর বশরের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর (১৯), আবদুর রাজ্জাকের ছেলে মো. ওসমান গণি (২০), উখিয়ায় কুতুপালংয়ের রোহিঙ্গা নুর মোহাম্মদের ছেলে মো. হাবিবুল্লাহ (৩৭), আবদুল্লাহর ছেলে জাহিদ হোসেন (৩০) ও সৈয়দ হোসেনের ছেলে মো. আবদুল হামিদ (২০)।
আজ শনিবার দুপুরে র্যাব-৭ কক্সবাজার দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, দীর্ঘদিনের নিবিড় পর্যবেক্ষণ ও গোয়েন্দা অনুসন্ধানের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে, মিয়ানমার এবং এদেশীয় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র মাছ ব্যবসার আড়ালে ইয়াবার চালান মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসে। সাম্প্রতিক সময়ে র্যাব-৭ চট্টগ্রাম সমুদ্রে টহল জোরদার করে টেকনাফ উপকূল থেকে চট্টগ্রাম পর্যন্ত অভিযান চালিয়ে ইয়াবার বেশ কয়েকটি বড় চালান আটক করে।
তারই সূত্র ধরে র্যাব-৭ চট্টগ্রামের গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি দল কক্সবাজার উপকূলে গভীর সমুদ্রে সন্দেহভাজন একটি ট্রলার দেখতে পায়। ‘এফবি জানিবা খালেদা-১’ নামের ওই ট্রলারকে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ট্রলারটি ধাওয়া করে আটক করে।
ওই সময় টুরিস্ট পুলিশ কক্সবাজারের একটি দল অভিযানে র্যাবকে সহযোগিতা করে। পরে ট্রলারটিতে তল্লাশি করে মাছ রাখার স্টোর থেকে কৌশলে লুকিয়ে রাখা ৪ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় ট্রলারের থাকা আটজন পাচারকারীকে আটক করা হয়।