ইয়াবা পাচারে পুলিশ জড়িত থাকা তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা ও মানবপাচারে পুলিশ সদস্যদের জড়িত থাকার বিষয়ে তদন্ত করতে দুটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। কোনো পুলিশ সদস্য পেশাগত মান থেকে বিচ্যুত হচ্ছে কি না বা অন্য কোনো অপরাধে জড়িয়ে পড়ছে কি না তাও তদন্ত করবে কমিটি।

এ ছাড়া পুলিশ বাহিনীর কোনো কোনো সদস্য ইয়াবাসহ বা একই ধরণের অপরাধে জড়িত থাকলে তা চিহ্নিত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।
আজ বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
গত শনিবার রাতে ফেনীর লালপুল এলাকা থেকে র‌্যাব একটি প্রাইভেট কারসহ এএসআই মাহফুজুর রহমান ও তাঁর গাড়ি চালক জাবেদ আলীকে আটক করেন। পরে তাঁদের গাড়ি তল্লাশি করে ২৭ কোটি ২০ লাখ টাকা মূল্যের ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের নায়েক সুবেদার মনিরুল ইসলাম বাদী হয়ে মাহফুজুর রহমান, জাবেদ আলী এবং আরও দুই পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে ফেনী সদর মডেল থানায় একটি মামলা করেন।
মামলার আসামি অপর দুই পুলিশ কর্মকর্তা হচ্ছেন—কক্সবাজার গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বেলাল ও চট্টগ্রাম পুলিশের কুমিল্লা হাইওয়ের ইনচার্জ মো. আশিক। ফেনীতে ২৭ কোটি টাকার ইয়াবা নিয়ে আটক পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক মাহফুজুর রহমান আজ আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। এ ছাড়া তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে ইয়াবা পাচার চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইয়াবা পাচার তদন্তে কমিটির প্রধান করা হয়েছে সিআইডির ডিআইজি সাইফুল হককে। এ কমিটির অপর সদস্যরা হলেন পুলিশ সদর দপ্তরের এআইজি (পিআইও) কাজী জিয়া উদ্দিন, ডিসিপ্লিন এবং প্রফেশনাল স্ট্যান্ডার্ড শাখার জ্যেষ্ঠ এএসপি আব্দুস সালাম।
মানবপাচার, মাদক এবং অন্যান্য চাঞ্চল্যকর ঘটনা তদন্ত কমিটির প্রধান করা হয়েছে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি তৌফিক মাহবুব চৌধুরীকে। কমিটির অপর সদস্যরা হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার রেজাউল হায়দার এবং পুলিশ সদর দপ্তরের ডিসিপ্লিন এবং প্রফেশনাল স্ট্যান্ডার্ড শাখার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান। দুই কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আইজিপি বলেছেন, সততা বা অসততা মানুষের নিজস্ব গুণ বা দোষ। কোনো অপরাধের দায়ভার একান্ত সংশ্লিষ্ট ব্যক্তির নিজের। পুলিশ বিভাগ কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না। আমরা এটা বরদাশত করি না বরং নিজের ইউনিটের কেউ অপরাধে জড়ালে তাঁকে অপরাধী হিসেবেই গণ্য করি। এ ক্ষেত্রে আমরা সব সময়ই ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করি। কোনো সদস্যের অপরাধের কারণে পুরোবাহিনীর ভাবমূর্তিকে জড়ানোর চেষ্টাও সমীচীন নয়। যারা ইয়াবাসহ অনুরূপ অপরাধে জড়িয়েছে তাঁদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন তিনি।