ইয়াবা পাচারে ব্যবহার করছিল স্কুলব্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা বড়ি
ফাইল ছবি

রাজধানীর গাবতলী এলাকা থেকে ইয়াবা বড়িসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুর কায়েস, কদভানু ওরফে ফাতেমা ও নুর নাহার। এ ঘটনায় দারুস সালাম থানায় একটি মামলা হয়েছে।

গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস বলেন, তিনজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির জন্য গাবতলীর বাগবাড়ি চারআনী এলাকায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ওই তিন ব্যক্তি ইয়াবাগুলো একটি স্কুলব্যাগে করে বহন করছিলেন।

মধুসুদন দাস আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বলেছেন কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে তাঁরা ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করেন।