ইয়াবা পাচারে শিক্ষার্থীদের ব্যবহার করতেন ইয়াসিন
ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা ও কক্সবাজার থেকে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল রোববার রাজধানীর বাড্ডা এলাকা থেকে ওই নারীকে ও কক্সবাজারের টেকনাফ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
তাঁরা হলেন আকলিমা আক্তার রুনা (৩০) ও ইয়াসিন আরাফাত (২৮)। আকলিমাকে ৮৯০টি ইয়াবাসহ বাড্ডা এলাকা থেকে র্যাব-৩ এবং ইয়াসিন আরাফাতকে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো। পিবিআই বলছে, ইয়াবার পাচারে শিক্ষার্থীদের বাহক হিসেবে ব্যবহার করতেন ইয়াসিন আরাফাত।
পিবিআই সূত্রে জানা যায়, কক্সবাজারের টেকনাফের হ্নীলা বাজার এলাকা থেকে গতকাল ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি তিনি। এই মামলার তদন্ত করছিল পিবিআই। মামলার তদন্তকালে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পিবিআই। এরপর হ্নীলা বাজার এলাকা থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়।
পিবিআইয়ের (ঢাকা মেট্রো) পুলিশ সুপার আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, হ্নীলা গ্রামের জালাল আহম্মেদের ছেলে ইয়াসিন। হ্নীলা গ্রামটি মিয়ানমারের নাফ নদীর তীরবর্তী হওয়ায় সহযোগীদের মাধ্যমে মিয়ানমার থেকে ইয়াবার বড় বড় চালান নিয়ে আসতেন তিনি। পরে এসব চালান কক্সবাজার থেকে সড়ক ও আকাশপথে ঢাকায় আনতেন। ইয়াবার চালান বহনের জন্য গরিব ও নিরীহ শিক্ষার্থীদের ব্যবহার করতেন ইয়াসিন। এর বিনিময়ে এসব শিক্ষার্থীকে মেসভাড়া ও লেখাপড়ার খরচ দিতেন। ঢাকায় আসার পর ইয়াসিন তার নিজস্ব লোকজনের মাধ্যমে বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রি করতেন।
এদিকে র্যাব জানায়, কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিতি রয়েছে রুনার। কক্সবাজার সীমান্ত দিয়ে ইয়াবার চালান রাজধানী ঢাকায় নিয়ে আসতেন তিনি। ঢাকার আনার পর এসব ইয়াবা খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে মোটা অঙ্কের টাকা আয় করতেন।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবু রাসেল প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত নয়টার দিকে বাড্ডা এলাকার সাঁতারকূল এলাকায় অভিযান চালায় র্যাব-৩। এ সময় ওই এলাকার পশ্চিম রদরছিয়া রহমতউল্লাহ মাদ্রাসার পাশে মাসুম সাহেবের চার তলা বাড়ির তৃতীয় তলা থেকে রুনাকে গ্রেপ্তার করা হয়।