ইয়াবা ব্যবসা করে ৫ বছরে 'কোটিপতি' মৎস্যজীবী মোস্তাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা ব্যবসা করে পাঁচ বছরের মধ্যে কোটিপতি হয়ে যান মৎস্যজীবী মোস্তাক আহমদ ওরফে মফিজ। স্থানীয় বিভিন্ন সূত্র এ কথা জানিয়েছে।

গত শুক্রবার সকালে কক্সবাজার শহরের কলাতলীর কাটা পাহাড় এলাকা থেকে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মোস্তাক আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। পুলিশের ভাষ্যমতে, ইয়াবা চোরাচালানের টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোস্তাক।

মোস্তাকের বাড়ি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া গ্রামে। তাঁর বাবার নাম ফজল করিম।

গতকাল শনিবার বড়ছড়া গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলেন, মোস্তাক ছিলেন কক্সবাজারের অন্যতম প্রধান ইয়াবা ব্যবসায়ী। টেকনাফ থেকে নৌকায় করে ইয়াবার চালান এনে বড়ছড়া গ্রামে খালাস করতেন তিনি। তারপর সেখান থেকে ইয়াবার চালান পৌঁছে দেওয়া হতো কক্সবাজার শহরসহ ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে। ইয়াবা সরবরাহের জন্য মোস্তাকের ছিল বিশাল সিন্ডিকেট। মোস্তাক গুলিতে নিহত হওয়ার পর সিন্ডিকেটের সদস্যরা আত্মগোপন করেছেন।

গ্রামের লোকজন বলেন, টেকনাফের একজন প্রভাবশালী রাজনীতিক মোস্তাকের বাড়িতে আসা-যাওয়া করতেন।

বড়ছড়া গ্রামের জেলে আমির হোসেন বলেন, পাঁচ বছর আগেও তিনি মোস্তাককে বড়ছড়া সৈকতে মশারি জাল দিয়ে চিংড়ির পোনা ধরতে দেখেছেন। পোনা বিক্রি করে তিনি সংসার চালাতেন। ২০১১ সালের দিকে মোস্তাক টেকনাফের একজন প্রভাবশালী ইয়াবা গডফাদারের নজরে পড়েন। তারপর তিনি ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। পাঁচ বছর ইয়াবা ব্যবসা করে মোস্তাক এখন বিপুল টাকার মালিক হয়ে গেছেন। এলাকায় তিনি ‘ইয়াবা মফিজ’ নামে পরিচিত।

স্থানীয় বিভিন্ন সূত্রমতে, গত কয়েক বছরে মোস্তাক নামে-বেনামে শহরের কলাতলীতে দুটি ভবন, ৯টি মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা, ১০টির বেশি যানবাহনসহ (ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও কার) বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। একসময় টেকনাফের ‘ইয়াবা ডন’ খ্যাত জাহেদ হোসেনের সঙ্গে ইয়াবার ব্যবসা করতেন মোস্তাক। ‘বন্দুকযুদ্ধে’ জাহেদের মৃত্যু হলে সমুদ্রপথে ইয়াবা চোরাচালানের নিয়ন্ত্রণ চলে আসে মোস্তাকের হাতে।

তবে মোস্তাকের বাবা ফজল করিম বলেন, মোস্তাক ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। চিংড়ির পোনা আহরণ ও সাগর থেকে মাছ ধরে তাঁর ছেলে কোটিপতি হয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মোস্তাককে কয়েক মাস ধরে খুঁজছিল পুলিশ। গ্রেপ্তার এড়াতে বেশির ভাগ সময় তিনি সাগরে নৌকায় অবস্থান করতেন। এ ছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জে তাঁর আস্তানা ছিল। এ কারণে এত দিন তাঁকে ধরা যায়নি। পুলিশ এখন মোস্তাকের সিন্ডিকেটের সদস্যদের ধরতে অভিযান চালাচ্ছে। তিনি বলেন, তদন্ত করতে গিয়ে জানা যাচ্ছে, মোস্তাক নামে-বেনামে বিপুল সম্পত্তির মালিক।

পুলিশ সূত্র জানায়, তিন বছর আগে দরিয়ানগর এলাকায় মোস্তাককে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে তিনি আবার ইয়াবার ব্যবসা শুরু করেন। ২০১৬ সালের ৭ জানুয়ারি টেকনাফ থেকে নৌকাযোগে পাচারের সময় প্রায় ৪০ কোটি টাকার ইয়াবাসহ জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি র‍্যাবের হাতে ধরা পড়েন। তিনি মোস্তাকের ফুপাতো ভাই। র‍্যাবের জিজ্ঞাসাবাদে জয়নাল স্বীকার করেছিলেন যে ইয়াবার চালানের মালিক ছিলেন মোস্তাক।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ইয়াবা পাচারের অভিযোগে মোস্তাকের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা আছে পাঁচটি। এ ছাড়া ইয়াবা পাচারের অভিযোগে জেলার অন্য দুটি থানায় তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা আছে।

ওসি আসলাম হোসেন বলেন, মোস্তাকের সিন্ডিকেটের ১৭ জনকে শনাক্ত করা হয়েছে, যাঁরা ইয়াবা ব্যবসা করে কোটিপতি হয়ে গেছেন। সিন্ডিকেট সদস্যদের ধরা গেলে সমুদ্রপথে ইয়াবা চোরাচালানের রহস্য জানা যাবে।