চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা দাবি করেছেন, ইয়াবা ব্যবসার সঙ্গে ইউনিয়ন পর্যায়ের বর্তমান ও সাবেক কয়েকজন জনপ্রতিনিধির সম্পৃক্ত থাকার তথ্য পেয়েছে পুলিশ। কিছু আইনি বাধ্যবাধকতার কারণে তাঁদের ধরা যাচ্ছে না। তবে কোনো আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যদি তাঁদের নাম আসে, তখন তাঁদের ধরা হবে।
গতকাল শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরে আলম মিনা এসব কথা বলেন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে আবদুর রহিম নামের এক ব্যক্তির কাছ থেকে দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধারের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা পুলিশ।
জনপ্রতিনিধিরা সম্পৃক্ত রয়েছেন, পুলিশের এমন বক্তব্য সম্পর্কে গতকাল রাতে মুঠোফোনে আনোয়ারা উপজেলার পরেইকোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুন উর রশিদ প্রথম আলোকে বলেন, ইয়াবার বিস্তাররোধে জনপ্রতিনিধিরা কাজ করছেন। জনপ্রতিনিধিদের কেউ এই কাজে জড়িত রয়েছেন বলে বিশ্বাস করেন না তিনি। সতি৵কার অর্থে কেউ জড়িত থাকলে তাঁকে ধরা হোক। তবে শত্রুতামূলক ও সাজানো ঘটনা যাতে না ঘটে।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার বলেন, গত শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে আনোয়ারার উঠান মাঝির ঘাট এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবা উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। এ সময় আবদুর রহিম দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করে। তাঁর কাছে থাকা একটি বস্তার ভেতর দুই লাখ ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
গ্রেপ্তার আবদুর রহিম সম্পর্কে পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, রহিম নিজেই ইয়াবা সংগ্রহ করেন। তিনটি সিন্ডিকেটের কাছে ইয়াবা সরবরাহ করেন তিনি। রহিমের মতো অনেকেই মাঝিমাল্লা দিয়ে ইয়াবা আনে। আনোয়ারার গহিরায় আনার পর যে সিন্ডিকেট বেশি টাকা দেয়, তাদের কাছে ইয়াবা বিক্রি করে দেয়।
আনোয়ারা উপজেলায় ইয়াবা পাচারের ঘটনা বেশি উল্লেখ করে জেলা পুলিশ সুপার বলেন, এরপর আছে লোহাগাড়া ও বাঁশখালী উপজেলা। তারপর সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌল্লা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ রেজাউল মাসুদ প্রমুখ।