ইয়াবা ব্যবসায়ীদের হামলায় পুলিশসহ আহত ৩
কক্সবাজারের টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের হামলায় পুলিশের এক কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশকে বহনকারী গাড়িও ভাঙচুর করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীপাড়ার চৌরাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন টেকনাফ থানা-পুলিশের উপপরিদর্শক সামিউল ইসলাম, কনস্টেবল নিখিল বড়ুয়া ও স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, হ্নীলার আলী আকবরপাড়ার মো. জামাল হোসেনের মালিকানাধীন দুটি দোকানে গতকাল দুপুরে হামলা ও লুটপাট চালায় একই এলাকার ইয়াবা ব্যবসায়ী করিম উল্লাহ ও বেলালসহ ৮-১০ জনের একটি দল। তারা দোকানের কর্মচারীদের মারধর করে মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই সামিউল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় হামলাকারীরা পুলিশের ওপর রড, লাটিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ বহনকারী গাড়িও ভাঙচুর চালায়। এ ঘটনায় দুই পুলিশসহ তিনজন আহত হয়। তাঁদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রণয় রুদ্র জানান, সামিউল ইসলাম ও নিখিল বড়ুয়ার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। মিজানুরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ইয়াবা ব্যবসায়ী করিম ও বেলালের বিরুদ্ধে মামলা হয়েছে।