ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ৪
রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ৫৫ হাজার ইয়াবা বড়ি, ইয়াবা তৈরির যন্ত্রাংশ ও একটি গাড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই চারজনকে আটক করা হয় বলে দাবি করেছে ডিবি। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খিলগাঁও থানায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবদুল্লাহ জুবায়ের (২৮), মো. আইয়ুব আলী (৪৫), মো. শামসুল আলম (২৪) ও মো. মোস্তাকিম হোসেন (৩২)।
সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার (পূর্ব) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, গোপন খবরের ভিত্তিতে ডিবির সহকারী কমিশনার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর হোসেন মাতুব্বর দাবি করেন, কক্সবাজার-টেকনাফ সীমান্ত দিয়ে পাঁচজনের দলটি সাদা রঙের একটি পাজেরো গাড়িতে করে সায়েদাবাদ হয়ে ঢাকায় আসে। খিলগাঁও এলাকায় একটি বেসরকারি হাসপাতালের সামনে দলটিকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় ওই দলের একজন পালিয়ে যান। বাকি চারজনকে ধরা হয়। তাঁদের কাছ থেকে ৫৫ হাজার ইয়াবা বড়ি, ইয়াবা তৈরির যন্ত্রাংশ ও গাড়িটি জব্দ করা হয়।