ইয়াবা বড়িসহ মিয়ানমারের তিন নারী আটক
কক্সবাজারের টেকনাফ থেকে আজ বুধবার সকালে প্রায় তিন হাজার ইয়াবা বড়িসহ মিয়ানমারের তিনজন নারীকে আটক করেছে পুলিশ।
আটক নারীরা হলেন মিয়ানমার বুচিদং এলাকার আবুল ফয়েজের স্ত্রী রাশেদা আক্তার (২৮), একই এলাকার মোহাম্মদ আলমের স্ত্রী রশিদা বেগম (৩০) ও নজির আহমদের স্ত্রী মমতাজ বেগম (৪০)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকারের ভাষ্য, আজ সকালে আটক নারীরা ইয়াবা বড়ি নিয়ে অবৈধভাবে নাফ নদী অতিক্রম করে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া আসেন। সেখান থেকে টেকনাফ আসার পথে পুলিশের একটি দল হারিয়াখালী ভাঙা এলাকা থেকে তাঁদের আটক করে। এ সময় তল্লাশি করে তাঁদের কাছ থেকে দুই হাজার ৭৮৫ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আটক তিনজনই মিয়ানমারের বুচিদং এলাকার বাসিন্দা বলে স্বীকারোক্তি দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাদক আইনে মামলা করা হয়েছে।