ইয়াবা বড়িসহ মিয়ানমারের দুই নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে কোস্টগার্ড আজ বৃহস্পতিবার সকালে আট হাজার ইয়াবা বড়িসহ মো. মামুনুল (৪৮) ও নুরুল হাকিম (৩৩) নামে মিয়ানমারের দুই নাগরিককে আটক করে থানায় সোপর্দ করেছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, মামুনুল ও নুরুলের বিরুদ্ধে মাদক পরিবহন ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুটি মামলা করা হয়েছে।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. জিলহাজ ফয়সাল বলেন, মাছ ধরার জেলে সেজে একটি নৌকায় করে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে আনা হচ্ছে, এমন তথ্য পেয়ে কোস্টগার্ড সদস্যরা সকালে নাফ নদীর জলিলের দিয়া নামক এলাকায় অবস্থান নেন। এ সময় সন্দেহভাজন একটি নৌকা আসতে দেখে থামানোর সংকেত দিলে তাঁরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ওই নৌকায় তল্লাশি চালিয়ে মাছ ধরার জালের ভেতরে আট হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। কোস্টগার্ড সদস্যরা নৌকাটির দুই আরোহীকে আটক এবং নৌকাটি জব্দ করেন। উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য ৩০ লাখ টাকার মতো।

লে. জিলহাজ ফয়সাল আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাঁদের বাড়ি মিয়ানমারের মংডু শহরের পেরাংপুরু এলাকায় বলে জানিয়েছেন।