ইয়াবা বড়িসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে চোরাই মোটরসাইকেল, ইয়াবা বড়িসহ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম গাজী মিলন (৩৫)। গতকাল শনিবার দুপুরে ফেনী-সোনাগাজী সড়কের বক্তারমুন্সি ডাকবাংলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের মধ্যম চর চান্দিয়া গ্রামের বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও ৩০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, গাজী মিলনের বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। এ ছাড়া চোরাই মোটরসাইকেল ও ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চর চান্দিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন গাজী মিলনকে ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানালেও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বিষয়টি অস্বীকার করেন। নুরুল ইসলাম বলেন, গ্রেপ্তার গাজী মিলন সংগঠনের কোনো পদে নেই। তিনি সাধারণ সমর্থক।