ইয়াবা মামলায় দুজনকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবার মামলায় একজনকে ১০ বছরের এবং অপরজনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

১০ বছরের কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। আদালত তাঁকে এক লাখ জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। আর পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন শফিকুল ইসলাম। আদালত তাঁকে ওই দণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন (২৪) কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার বাসিন্দা এবং শফিকুল ইসলাম (৪২) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা।

গত বছরের ৫ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নয়াআঁটি এলাকায় সৌদিয়া ভিলায় ক্রেতা সেজে র‌্যাব-১১–এর সদস্যরা ৫০ হাজার ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম ও দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে মাদক বিক্রির আট হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার। এ ঘটনায় র‌্যাব-১১–এর ডিএডি মোহাম্মদ রিয়াজ উদ্দিন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

সরকারি কৌঁসুলি এস এম ওয়াজেদ আলী খোকন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) (খ) ধারায় আদালত দুজনকে পৃথকভাবে ১৫ বছরের দণ্ড দেন। ১৬ জন সাক্ষীর মধ্যে নয়জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।