ইয়াবা রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ
পারিবারিক বিরোধের জেরে খুলনায় মো. ওয়াহিদুজ্জামান নামের এক ব্যবসায়ীর ব্যাগে ইয়াবা বড়ি রেখে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর বোন আক্তারুন্নাহার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবাধিকার কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ মে সকালে ওয়াহিদুজ্জামান (৫২) নগরের সোনাডাঙ্গার আবাসিক এলাকার বাসা থেকে শঙ্খ মার্কেটে তাঁর কাপড়ের ব্যাগ তৈরির কারখানায় যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে নগরের গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছান। এ সময় অপরিচিত তিন থেকে চারজন যুবক এসে তাঁর নাম জানতে চান। নাম বলার পর তাঁর কাছে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ব্যাগ ধরে টানাটানি করেন। একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ আসে। তখন ওই যুবকেরা পুলিশকে বলেন, এই লোক (ওয়াহিদুজ্জামান) মাদক ব্যবসায়ী। পরে পুলিশ তাঁর ব্যাগ তল্লাশি করে একটি ছোট পলিথিনের মধ্যে পাঁচটি ইয়াবা বড়ি পায়। পুলিশ তাঁকে থানায় নিয়ে মারধর করে। পরে পুলিশ বাদী মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। তিনি ৩১ মে জামিনে ছাড়া পান।
লিখিত অভিযোগে আরও বলা হয়, সম্পত্তি নিয়ে ওয়াহিদুজ্জামানের ছোট বোন মুর্শিদা জামান ও তাঁর ‘সাবেক’ স্বামী মনিরুজ্জামান মোল্লার বিরোধ রয়েছে। এর জেরে মনিরুজ্জামানের লোকজন পুলিশকে মোটা অঙ্কের টাকা দিয়ে ওয়াহিদুজ্জামানকে মামলায় ফাঁসিয়েছেন। পুলিশ ওয়াহিদুজ্জামানকে মারধর করে এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মামলার বাদী সোনাডাঙ্গা থানারউপপরিদর্শক (এসআই) উজ্জ্বল সরকার বলেন, ঘটনার সময় কিছু লোক ওয়াহিদুজ্জানকে আটক করেন। পরে তাঁর ব্যাগ তল্লাশি করে ইয়াবা বড়ি পাওয়া যায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওয়াহিদুজ্জামান সোনাডাঙ্গার দ্বিতীয় ফেজে অবস্থিত কানাডাপ্রবাসী বোন মুর্শিদা জামানের বাসায় সপরিবারে থাকেন। বাড়িটি মুর্শিদার নামে। সম্প্রতি মনিরুজ্জামানের সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু বাড়িটির মালিকানা নিয়ে ১০ বছরের বেশি সময় ধরে মুর্শিদা ও মনিরুজ্জামানের পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এই পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের পাল্টাপাল্টি একাধিক মামলা রয়েছে।