ইয়াবা রেখে হয়রানি
ফরিদপুরে দোকানে ইয়াবা রেখে এক চা-বিেক্রতাকে আটক করে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরে এলাকাবাসী থানায় গিয়ে মুচলেকা দিয়ে ওই চা-বিক্রেতাকে ছাড়িয়ে আনেন। গত শনিবার রাতে চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী বলেন, এনায়েত হোসেনের (৩৫) একটি চায়ের দোকান আছে বাজার এলাকায়। শনিবার রাত আটটার দিকে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ওই দোকানে এসে অভিযোগ করেন, এনায়েত চা বিক্রির আড়ালে ইয়াবার বড়ি বিক্রি করেন। এনায়েত এ বক্তব্যের প্রতিবাদ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় এসআই মিজানুর রহমান তাঁর হাতে থাকা একটি কাগজের পুঁটলি দোকানের একটি কলসের পাশে রাখেন। পুঁটলিটি আবার হাতে নিয়ে বলেন যে দোকান থেকে ইয়াবা উদ্ধার হয়েছে। পরে এনায়েতকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসী প্রতিবাদমুখর হয়ে ওঠে। পরে রাত ১০টার দিকে উপজেলা চেয়ারম্যান বাদল আমিনের নেতৃত্বে এলাকার শতাধিক লোক থানায় গিয়ে এনায়েতকে ছাড়িয়ে আনেন।
থানার ওসি তোতা মিয়া বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি ওই দোকান থেকে কোনো মাদক উদ্ধার হয়নি।’