ইয়াবা সেবনকালে ধরা খেলেন পুলিশ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা বড়ি সেবনের সময় পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। আজ সোমবার ফয়সাল আহমেদ নামের ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে মাত্র পাঁচ দিন আগে মাদক সেবনের অভিযোগে জেলা সদর থানা থেকে প্রত্যাহার করে ওই কর্মকর্তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছিল।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম জানান, রোববার বিকেলে সদর উপজেলার কালিনগর মরা পাগলা এলাকায় সঙ্গীদের সঙ্গে ইয়াবা সেবনের সময় এলাকাবাসী ফয়সালকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ জানান, এএসআই ফয়সাল আহমেদ এর আগে সদর থানায় কর্মরত ছিলেন। মাদকসেবীদের সঙ্গে মেলামেশা ও মাদক সেবনের অভিযোগে পাঁচ দিন আগে সদর থানা থেকে প্রত্যাহার করে তাঁকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এ সময় তিনি এক সপ্তাহের ছুটিতে ছিলেন। ছুটি শেষে রোববার তাঁর যোগদানের কথা ছিল। কিন্তু তিনি ওই দিন যোগদান করেননি এবং মাদক সেবনকালে হাতেনাতে ধরা পড়েন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে।