ইয়াবার চালান ধরিয়ে দেওয়ায় পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য দিয়ে ইয়াবা বড়ির চালান ধরিয়ে দেওয়ায় কক্সবাজারের টেকনাফে এক ট্রলারের মাঝিকে পিটিয়ে হত্যা করার ঘটনায় মামলা হয়েছে।
নিহত ব্যক্তির নাম মো. হোসেন (২৮)। বাড়ি টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী গ্রামে। গত শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার সাবরাংয়ের হারিয়াখালী গ্রামের শামসুল আলমের বাড়ি থেকে পুলিশ হোসেনের লাশ উদ্ধার করে।
নিহত হোসেনের বাবা সোনা মিয়া বলেন, গত বৃহস্পতিবার ভোরে শাহপরীর দ্বীপ ঘোলাপাড়া-সংলগ্ন এলাকায় কোস্টগার্ড সদস্যরা মাছ ধরার একটি ট্রলার থেকে ১০ হাজার ইয়াবা বড়ি ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেন। এ ঘটনায় ট্রলারটিও জব্দ করা হয়। এই ট্রলারের মাঝি ছিলেন তাঁর ছেলে হোসেন। তিনি বলেন, ওই দিন বিকেলে ট্রলারের মালিক মো. শাহাজাহানসহ আরও কয়েকজন তাঁর ছেলেকে বাড়ি ডেকে নিয়ে নিয়ে যান। ট্রলারে ইয়াবা রয়েছে—এই তথ্য তাঁর ছেলে কোস্টগার্ডকে দিয়েছে অভিযোগ তুলে হোসেনকে আটকে রাখেন তাঁরা। এরপর তাঁকে পিটিয়ে জখম করেন। শনিবার রাতে আহত অবস্থায় হোসেন মারা যান। পরে পুলিশ হারিয়াখালী গ্রামের শামসুল আলমের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে।
তবে কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবদুল মান্নান বলেন, হোসেন নামে তাঁদের কোনো সোর্স (তথ্যদাতা) নেই। ওই দিন ইয়াবা বড়ি ও কারেন্ট জাল জব্দ করা হলেও ওই ট্রলারে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে ট্রলারমালিক মো. শাহাজাহানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কবির হোসেন প্রথম আলোকে বলেন, হোসেনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আটকে রেখে মারধর করায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বোরবার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত হোসেনের মা জোহরা খাতুন বাদী হয়ে মো. শাহাজাহানসহ ১৩ জনের নাম উল্লেখ করে টেকনাফ থানায় অভিযোগ করেছেন।
ওসি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মানব পাচারের মামলা রয়েছে। তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী। তাঁদের আটক করতে অভিযান চলছে।