ইয়াবার 'ফেরিওয়ালা'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে আজ মঙ্গলবার সকালে ১১ হাজার ইয়াবা বড়িসহ হাঁড়িপাতিলের ফেরিওয়ালা সাদ্দাম শেখকে (২৭) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা হয়েছে তাঁর সঙ্গে থাকা আহমদ হোসেন (৩২) নামের এক অটোরিকশাচালককেও। বিজিবি বলছে, ফেরিওয়ালা সেজে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন সাদ্দাম।

সাদ্দামের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় গোপালপুরে। তবে তিনি টেকনাফে থাকেন। আর আহমদের গ্রামের বাড়ি টেকনাফে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ সাংবাদিকদের বলেন, আজ সকাল সাতটার দিকে টেকনাফের দমদমিয়া এলাকায় তল্লাশিচৌকিতে কক্সবাজারগামী একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। অটোরিকশার ভেতরে ছিল হাঁড়িপাতিল। আর হাঁড়িপাতিলের ভেতরে ছিল ১১ হাজার ইয়াবা। পরে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এরপর অটোরিকশাসহ সাদ্দাম ও আহমদকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাদ্দাম ফেরিওয়ালা সেজে বিভিন্ন জায়গায় ইয়াবা বিক্রি করতেন। তিনি ইয়াবাগুলো কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।