ইয়াবাসহ আ. লীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুরে ১৯৫টি ইয়াবা বড়িসহ স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে মধুখালী উপজেলার কামালদিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওই আওয়ামী লীগ নেতার নাম মো. ওয়াহেদুজ্জামান (৩৮)। তিনি বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের বঙ্গেশ্বরদী তালতলা গ্রামের বাসিন্দা। চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন তিনি।
ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামালদিয়া এলাকা থেকে ওয়াহেদুজ্জামানকে ১৯৫টি ইয়াবা বড়ি ও মাদক বিক্রির সাড়ে ছয় হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মধুখালী থানায় মামলা হয়েছে।
ওয়াহেদুজ্জামানের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ওয়াহেদুজ্জামানের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।