ইয়াবাসহ আটক এএসআইয়ের গাড়িচালকের স্বীকারোক্তি
ফেনীতে ইয়াবা বড়িসহ র্যা বের হাতে গ্রেপ্তার ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমানের গাড়িচালক জাবেদ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল শুক্রবার বিকেলে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মুহাম্মদ ফারুকীর আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দিতে জাবেদ আলী বলেছেন, এএসআই মাহফুজুরসহ তাঁরা ব্যক্তিগত গাড়িযোগে ঢাকা থেকে কক্সবাজার যান। সেখানে তাঁরা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বেলালের বাসায় ওঠেন। সেই বাসা থেকে ছালেহ নামের এক ব্যক্তির সহযোগিতায় ইয়াবা বড়ির প্যাকেট গাড়িতে তোলা হয়। ছালেহ জানান, সেখানে কুমিরা পুলিশ ফাঁড়ির এসআই মো. আশিকের ইয়াবাও আছে।
জবানবন্দিতে জাবেদ আলী বলেন, গত দু-তিন বছর তিনি এএসআই মাহফুজুরের গাড়িচালক হিসেবে কাজ করছেন। এর আগেও তিনি কয়েকবার গাড়ি নিয়ে কক্সবাজার যান। সেখান থেকে ইয়াবা এনে কুমিল্লা ও রাজধানীর বিভিন্ন স্থানে পৌঁছে দেন।
গত শনিবার রাতে ফেনীতে ব্যক্তিগত গাড়িসহ এএসআই মাহফুজুর ও তাঁর গাড়িচালক জাবেদ আলীকে আটক করে র্যা ব। পরে তাঁদের গাড়ি তল্লাশি করে ২৭ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৬ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি ও ইয়াবা বিক্রির ৭ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যা ব মাহফুজুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তা ও জাবেদ আলীকে আসামি করে ফেনী সদর মডেল থানায় মামলা করে। মামলার অন্য আসামিরা হলেন কক্সবাজার গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক মো. বেলাল ও চট্টগ্রাম জেলা পুলিশের কুমিরা পুলিশ ফাঁড়ির এসআই মো. আশিক।
গত বুধবার এএসআই মাহফুজুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান জাবেদ আলীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার সত্যতা নিশ্চিত করেন। তবে ‘তদন্তের স্বার্থে’ তিনি স্বীকারোক্তির তথ্য জানাতে অস্বীকৃতি জানান।