ইয়াবাসহ কারারক্ষী গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুর কারাগার-২–এর এক কারারক্ষী ইয়াবা বড়িসহ ধরা পড়েছেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ও ফৌজদারি মামলা করা হয়েছে।
ওই কারারক্ষী হলেন আজিজার রহমান (২৪) (নং ১৩৮২৯)।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কারারক্ষী আজিজার রহমান কারাগারের অভ্যন্তরে কোয়ার্টারে বসবাস করতেন। সেখানে থেকে তিনি ইয়াবার ব্যবসা করেন—কারা কর্তৃপক্ষের কাছে এমন অভিযোগ ছিল। তাই বেশ কয়েক দিন ধরে তাঁকে নজরদারিতে রাখা হয়। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বাসায় অভিযান চালানো হয়। পরে তাঁর ঘর থেকে ৬০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। এরপর কারা কর্তৃপক্ষ তাঁকে আটক করে জয়দেবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর এবং তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।
এ ব্যাপারে কাশিমপুর কারাগার-২–এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মাদকের সঙ্গে জড়িত থাকায় কারারক্ষী আজিজার রহমানকে সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় মামলা করা হয়েছে।
জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হামিদুর রহমান জানান, কারারক্ষীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।