ইয়াবাসহ কোস্টগার্ড সদস্য আটক
চট্টগ্রামে বিক্রির জন্য তিন হাজার ইয়াবা রাখার অভিযোগে এক কোস্টগার্ড সদস্যকে আটক করা হয়েছে। তাঁর নাম লাট মিয়া ওরফে ইমন (২৮)। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরের বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকা থেকে তাঁকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। পরে আক্তার হোসেন নামের তাঁর এক সহযোগীকেও আটক করা হয়। লাট মিয়া কোস্টগার্ড পূর্ব জোনে কোস্টগার্ড জাহাজ তানভীরে নাবিক হিসেবে কর্মরত রয়েছেন।
গতকাল দুপুরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে লাট মিয়া সাংবাদিকদের বলেন, তিনি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কিছুদিন শাহপরীর দ্বীপে কোস্টগার্ডে কর্মরত ছিলেন। এ সময় তাঁর সঙ্গে আক্তারের পরিচয় হয়। আক্তার তাঁর বাসায় ব্যাগটি নিয়ে আসে। পরে তাঁকে এটি নিয়ে গোসাইলডাঙ্গায় দাঁড়াতে বলেন। ব্যাগে কী ছিল তিনি জানতেন না।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আক্তার বলেন, লাট মিয়া তাঁকে ইয়াবাগুলো নিয়ে আসতে বলেন। বিক্রি করে দুজনে টাকা ভাগাভাগি করে নেওয়ার কথা ছিল। আক্তারের বাড়ি টেকনাফের শাহপরীর দ্বীপে।
জানতে চাইলে গতকাল বিকেলে মুঠোফোনে কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার (অভিযান) শেখ ফখরুদ্দীন প্রথম আলোকে বলেন, কোস্টগার্ড পূর্ব জোনের সদস্য লাট মিয়াকে পুলিশ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। বিষয়টি তদন্ত করে পুরোপুরি নিশ্চিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জড়িত কি না, তা–ও সাংবাদিকদের জানানো হবে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এ এ এম হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, গোপন তথে৵র ভিত্তিতে গোসাইলডাঙ্গা এলাকা থেকে লাট মিয়াকে আটক করে পুলিশ।
এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত নগরের বন্দর থানায় মামলা হয়নি। আটক লাট মিয়াকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।