ইয়াবাসহ গ্রেপ্তার দুজনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার দক্ষিণ পুটিবিলা গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় বাবা ও মেয়েকে। তাঁদের থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। দুজনকে ছিনিয়ে নিতে পথে পুলিশের ওপর হামলা চালান অন্য ইয়াবা ব্যবসায়ীরা। এ সময় ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। এতে ছররা গুলিতে আহত হন পুলিশের চার সদস্য। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার দুজন হলেন মোহাম্মদ হামিদুর রহমান ওরফে হামিদ্যা (৬০) ও তাঁর মেয়ে সুখিয়ারা বেগম (২৫)। এর মধ্যে হামিদের বিরুদ্ধে মহেশখালী থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে পাঁচটি ও সুখিয়ারা বেগমের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। হামিদুর মাদকসহ বিভিন্ন মামলার পলাতক আসামি বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১১টায় দক্ষিণ পুটিবিলা গ্রামে হামিদুরের বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁর কাছে ৯০০ ইয়াবা বড়ি এবং তাঁর মেয়ে সুখিয়ারার কাছে ২০০ ইয়াবা বড়ি পাওয়া যায়। গ্রেপ্তারের পর হামিদের দেওয়া তথ্য অনুযায়ী ওই বাড়ি থেকে তিনটি এলজি ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, থানায় ফেরার সময় দুই আসামিকে ছিনিয়ে নিতে পথে তাঁদের সহযোগী ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে আধা ঘণ্টা গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় ইয়াবা ব্যবসায়ীদের ছোড়া ছররা গুলিতে উপপরিদর্শক (এসআই) ফররুখ আহমদ ও মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) সনজীব কুমার দত্ত ও কনস্টেবল রুবেল শর্মা আহত হন।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, গতকাল দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।