ইয়াবাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা, হরতাল আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ব্যাপারীকে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বৃহস্পতিবার বিকেলে জাকিরকে ঝালকাঠির নলছিটি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনার প্রতিবাদে আগামী শনিবার ভান্ডারিয়া উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে আওয়ামী লীগ।
নলছিটি থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে জাকির হোসেনকে ইয়াবা বড়িসহ থানায় হস্তান্তর করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) হাবিবুর রহমান বাদী হয়ে জাকিরকে আসামি করে মামলা করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি উপজেলার ষাটপাকিয়া এলাকা থেকে বেলা ১টা ৪০ মিনিটের দিকে জাকিরকে ২ হাজার ৫৬২টি ইয়াবা বড়িসহ আটক করে র‌্যাব।
ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুল রশিদ জমাদ্দার অভিযোগ করেন, বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে তিনি ও জাকির হোসেন উপজেলা পরিষদ থেকে বের হন। এর পাঁচ মিনিট পর সাদাপোশাকে র‌্যাব সদস্যরা জাকিরকে আটক করে নিয়ে যায়। পরে র‌্যাব জাকিরকে নলছিটির ষাটপাকিয়া এলাকা থেকে ইয়াবা বড়িসহ আটক দেখিয়ে নলছিটি থানায় সোপর্দ করে। র‌্যাব পরিকল্পিতভাবে জাকিরকে আটকের পর ইয়াবা বড়ি পাওয়ার নাটক সাজিয়ে মামলা দিয়েছে। তিনি নির্দোষ।
আওয়ামী লীগের সভাপতি ফাইজুল রশিদ আরও বলেন, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ এ ঘটনার প্রতিবাদে শনিবার ভান্ডারিয়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বেলা পৌনে একটা পর্যন্ত উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা সভা ও দুর্যোগ ব্যবস্থাপনার ওপর একটি সেমিনারে জাকির হোসেন অংশ নিয়েছেন। পৌনে একটার দিকে তিনি চলে যান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, র‌্যাব সদস্যরা জাকির হোসেন নামের এক ব্যক্তিকে ইয়াবা বড়িসহ থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
র‌্যাব-৮–এর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁরা ফোন ধরেননি।
আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে র‌্যাবের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি উপজেলার ষাটপাকিয়া গ্রামের চৌধুরীবাড়ি এলাকার সেতু এলাকা থেকে ইয়াবা বড়ি কেনাবেচার সময় জাকির হোসেন ব্যাপারীকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২ হাজার ৫৬২টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।