ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫২ হাজার ৬০০টি ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া-সংলগ্ন নাফ নদীর বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান আনা হবে, এমন তথ্যের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত একটার দিকে বিজিবি সেখানে অভিযান চালায়। এ সময় একটি নৌকা থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, শনিবার রাত নয়টার দিকে পৌরসভার অলিয়াবাদ আবহাওয়া কার্যালয়-সংলগ্ন এলাকা থেকে নয় হাজার ইয়াবা বড়িসহ আবুল বশর ওরফে মগুকে (৪০) গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাত ১০টার দিকে বাহারছড়া পুলিশ ফাঁড়ির একটি দল জাহাজপুরার গর্জনবাগান এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৬০০ ইয়াবা বড়িসহ আবদুল মালেককে (৪৫) গ্রেপ্তার করে। একই সময়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির তল্লাশিচৌকির সামনে দিয়ে যাওয়ার সময় দুই হাজার ইয়াবা বড়িসহ উমর আলীকে (৩২) গ্রেপ্তার করা হয়।
ইয়াবা উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় তিনটি পৃথক মামলা করা হয়েছে।