ইয়াবাসহ চালক-সহকারী গ্রেপ্তার

টাঙ্গাইলে প্রায় ১০ হাজার ইয়াবা বড়িসহ ট্রাকের চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব এ তথ্য জানায়।
গ্রেপ্তার হওয়া ট্রাকচালকের নাম সাদ্দাম হোসেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায়। সহকারীর নাম বাবুল হোসেন। তাঁর বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়। গতকাল সন্ধ্যায় টাঙ্গাইল বাইপাস সড়কের রাবনা মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২-এর অধিনায়ক উপমহাপরিদর্শক (ডিআইজি) সেলিম মো. জাহাঙ্গীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের তিন নম্বর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলামের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। সেখানে একটি ট্রাক থেকে নয় হাজার ৩২০টি ইয়াবা জব্দ করা হয়।
সেলিম মো. জাহাঙ্গীর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করেন। পরে তা ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল ও রাজশাহী অঞ্চলে খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করেন। তাঁদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা হয়েছে।