ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে আজ শুক্রবার সকালে ডাকাতি মামলায় এক ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ৫২টি ইয়াবা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূরুন্নবী, নন্দীগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান জসিম উদ্দিন, জাহিদুর রহমান ওরফে জাহিদ, শফিকুল ইসলাম ওরফে মানিক, গাউসুল বারী ও লাবলু প্রামাণিক।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) হাসান শামিম ইকবাল দাবি করেছেন, গত ২৫ মার্চ উপজেলার হাটলাল এলাকায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ বুলু প্রামাণিক ও গোলাম রব্বানী নামের দুজনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানান, তাঁরা দীর্ঘদিন ধরে সড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতি করে আসছিলেন। তাঁরা এর সঙ্গে জড়িত হিসেবে নূরুন্নবীসহ ছয়জনের কথা বলেন। আজ সকালে উপজেলার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকেই আটক করা হয়। পরে তাঁদের ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস গ্রেপ্তার নূরুন্নবীর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, জেলা ছাত্রলীগের যখন কমিটি ঘোষণা করা হয়, তখন নুরুন্নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। এখন দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।