ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ইয়াবাসহ মহসীন হোসেন (৩২) নামে ছাত্রলীগের এক নেতা ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সহযোগীর নাম কমল মিয়া (৩২)।
গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার কংস সেতু থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ধরমপাশার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মহসীন হোসেন নেত্রকোনার বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সভাপতি বলে নিশ্চিত করেছে পুলিশ। আর কমল মিয়া মোহনগঞ্জ উপজেলার কলুংকা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মহসীন ও কমল ইয়াবাসহ মোটরসাইকেলে করে বারহাট্টা-ধরমপাশা সড়ক দিয়ে মোহনগঞ্জের উদ্দেশে রওনা হন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধরমপাশার কংস সেতুর ওপর থেকে তাঁদের আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাঁদের মানিব্যাগের ভেতর থেকে ছয়টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আজ সকাল সাড়ে ছয়টার দিকে ধরমপাশা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুখলেছুর রহমান বাদী হয়ে ওই দুজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করেন। এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। তাঁরা দীর্ঘদিন ধরে ধরমপাশা, মোহনগঞ্জ ও বারাহাট্টা উপজেলার বিভিন্ন গ্রামে মাদক ব্যবসা করছিলেন।
ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুজন মাদক ব্যবসায়ীর মধ্যে মহসীন হোসেন নেত্রকোনার বারহাট্টা উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।