ইয়াবাসহ পাঁচ মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গতকাল শনিবার সন্ধ্যায় ২০৫টি ইয়াবা বড়িসহ শাহিন মণ্ডল (৩২) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে পুলিশকে মারধরসহ মাদকের পাঁচটি মামলা রয়েছে। আজ রোববার তাঁকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শাহিন মণ্ডলের বাড়ি গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি গ্রামে। বাবার নাম ইছাক মণ্ডল।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) শহিদুল ইসলামের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ বাজার তোরাইয়ের মোড় এলাকা থেকে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাগর শেখ ও তমাল শেখসহ পুলিশের একটি দল শাহিন মণ্ডলকে গ্রেপ্তার করে।