ইয়াবাসহ পুলিশের এসআই গ্রেপ্তার
চট্টগ্রামে ইয়াবা বড়িসহ এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আফাজ উল্যাহ নামের ওই পুলিশ কর্মকর্তা নগরের হালিশহর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
গতকাল শনিবার দুপুরে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী এলাকা থেকে এসআই আফাজ ও তাঁর দুই সহযোগী মো. খোরশেদ আলম ও শহীদ উল্লাহকে গ্রেপ্তার করে র্যাব। তাঁদের কাছ থেকে চার হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। এ সময় আফাজ উল্যাহ সাদাপোশাকে ছিলেন।
আজ রোববার বিকেলে গ্রেপ্তার তিনজনকে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়ার আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে ওই তিন আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
শনিবার রাতে র্যাব-৭ চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. ময়নাল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডবলমুরিং থানায় মামলা করেন। মামলায় পুলিশ কর্মকর্তা আফাজ উল্যাহ, তাঁর সহযোগী মো. খোরশেদ আলম ও শহীদ উল্লাহকে আসামি করা হয়।
র্যাবের করা মামলায় বলা হয়েছে, শনিবার বেলা দেড়টার দিকে র্যাব জানতে পারে চৌমুহনী এলাকায় একটি দোকানের ভেতর ইয়াবা বড়ি কেনাবেচা চলছে। বারিক বিল্ডিং এলাকায় টহল দেওয়ার সময় র্যাবের দলটি চৌমুহনী এলাকায় পৌঁছালে তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সামনে র্যাব তাঁদের আটক করে। এ সময় আফাজ, খোরশেদ ও শহীদের কাছ থেকে চার হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। আটকের পর আফাজ উল্যাহ নিজেকে হালিশহর থানার এসআই পরিচয় দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আকরামুল হোসেন প্রথম আলোকে বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় হালিশহর থানার এসআই আফাজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।
এ ঘটনার ১২ দিন আগে ১৫ আগস্ট বেলা ১১টার দিকে নগরের বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকা থেকে কোস্টগার্ড পূর্ব জোনের সদস্য লাট মিয়া ওরফে ইমন ও তাঁর সহযোগী আক্তার হোসেনকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে তিন হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আসামি করে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। লাট মিয়াকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া ২০ আগস্ট বিক্রির উদ্দেশ্যে ইয়াবা বড়ি রাখায় রফিকুল ইসলাম নামের এক আনসার ও তাঁর সহযোগী নুর আহমদকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের কর্মকর্তারা। নগরের সদরঘাট থানার একটি হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৪ হাজার ৬০০ ইয়াবা বড়ি জব্দ করা হয়।