ইয়াবাসহ মিয়ানমারের ছয় নারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকা থেকে প্রায় ৮ হাজার ইয়াবা বড়িসহ ছয় নারীকে আটক করা হয়েছে। তাঁরা সবাই মিয়ানমারের নাগরিক। গত রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকা থেকে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইয়াবার চালান নিয়ে তাঁরা টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।
আটক ছয়জন হলেন মিয়ানমারের মংডু এলাকার সালমা খাতুন (৩০), হামিদা বেগম (৩৬), সেতারা বেগম (১৮), নছিমা খাতুন (৩০), জমিলা বেগম (৪০) ও দিলদার বেগম (৩০)। পরে তাঁদের টেকনাফ থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবার চালান আটকের জন্য বিজিবির একটি দল রোববার রাত আটটার দিকে হ্নীলার ফুলের ডেইল এলাকায় অবস্থান নেয়। বিজিবির সদস্যরা সেখানে ছয়জন নারীকে সন্দেহজনক চলাচলের জন্য জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তাঁরা অসংলগ্ন কথা বলতে থাকেন। একপর্যায়ে তাঁরা মিয়ানমারের বাসিন্দা বলে স্বীকার করেন। তাঁদের আটক করে পার্শ্ববর্তী সীমান্তচৌকিতে নেওয়া হয়। এ সময় তাঁদের ব্যাগ তল্লাশি করে ৭ হাজার ৯২৪টি ইয়াবা বড়ি পাওয়া যায়।
টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, আটক ছয় নারীর বাড়ি মিয়ানমারের মংডু শহরে। তাঁরা ইয়াবার চালান পৌঁছে দিতে অবৈধভাবে বাংলাদেশে এসেছিলেন বলে স্বীকার করেছেন।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, অবৈধ অনুপ্রবেশ ও মাদক আইনে ছয় নারীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।