ইয়াবাসহ শিক্ষা বোর্ড কর্মচারী গ্রেপ্তার
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক অফিস সহকারীসহ দুজনকে গতকাল মঙ্গলবার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন শিক্ষা বোর্ডের হিসাব শাখার অফিস সহকারী মো. মাহমুদুল হক (৪৫) ও আবদুল আজিজ (৩২)। তাঁদের বাড়ি কক্সবাজারের উখিয়ায়।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, ‘মাহমুদুল হক এসব ইয়াবা কক্সবাজার থেকে শিক্ষা বোর্ডে এনে আজিজকে দিচ্ছিলেন। হাতবদলের সময় আমরা তাঁদের গ্রেপ্তার করি। আগেও তিনি (মাহমুদুল) কয়েকবার ইয়াবা এনে বিক্রি করেছেন বলে আমাদের কাছে স্বীকার করেছেন।’
পুলিশ জানায়, গতকাল জব্দ করা দুই হাজার ইয়াবার মধ্যে এক হাজার শেভিং ক্রিমের প্যাকেটে এবং এক হাজার মেহেদির প্যাকেটে টেপ মোড়ানো অবস্থায় ছিল।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব পীযূষ দত্ত বলেন, ‘আমরা মাহমুদুলকে সাময়িকভাবে বহিষ্কার করে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেব।’