ইয়াবাসহ শিক্ষাবোর্ড কর্মচারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই হাজার ইয়াবা বড়িসহ চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের এক অফিস সহকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইয়াবা হাতবদলের সময় শিক্ষাবোর্ড থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

শিক্ষাবোর্ডের হিসাব শাখার অফিস সহকারীর নাম মো. মাহমুদুল হক (৪৫)। অপরজনের নাম আবদুল আজিজ (৩২)। দুজনের বাড়ি কক্সবাজারের উখিয়াতে।

পুলিশ জানায়, দুই হাজার ইয়াবার মধ্যে এক হাজার কুল শেভিং ক্রিমের প্যাকেটে টেপ মোড়ানো অবস্থায় এবং অপর এক হাজার মমতাজ মেহেদির প্যাকেটে টেপ মোড়ানো অবস্থায় ছিল।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই দুজনকে গ্রেপ্তার করি। মাহমুদুল্লাহ এগুলো কক্সবাজার থেকে এনে আজিজকে দিচ্ছিল। হাতবদলের সময় আমরা তাঁদের গ্রেপ্তার করি। আগেও তিনি কয়েকবার ইয়াবা এনে বিক্রি করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। শিক্ষাবোর্ডকে সে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে।’

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব পীযূষ দত্ত বলেন, ‘মাহমুদুল হক আমাদের হিসাব শাখার অফিস সহকারী। তাঁকে এবং এক অপরিচিত লোককে আজ বোর্ড থেকে পুলিশ ইয়াবা রাখার অপরাধে গ্রেপ্তার করেছে। আমরা মাহমুদুলকে সাময়িকভাবে বহিষ্কার করে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব।’