ঈদ উৎসবের টাকা ছিনিয়ে নিল মাদকসেবীরা
বগুড়ার শেরপুর উপজেলার চকশাদী গ্রামে এক পরিবারের ঈদ উৎসবের খরচের ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে মাদকসেবীরা। এ সময় দুজন নারীকেও মারধর করেছে তারা। গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কাশিয়াবালা সড়কে এ ঘটনা ঘটে।
এতে আহত ব্যক্তিরা হলেন চকশাদী গ্রামের মৃত মসলেম উদ্দিনের স্ত্রী আছিয়া বেওয়া (৫৫) ও তাঁর ছেলের বউ খোদেজা খাতুন (৪০)। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
আছিয়া বেওয়া বলেন, তাঁর ছেলে আলতাব হোসেন ঢাকায় বাবুর্চি হিসেবে চাকরি করেন। ঈদ খরচের জন্য তাঁর ছেলে মঙ্গলবার বিকেলে বিকাশ করে ২০ হাজার টাকা পাঠান। মঙ্গলবার বিকেলে ছেলের বউকে নিয়ে উপজেলার মির্জাপুর বাজারে একজন বিকাশ এজেন্টের কাছ থেকে এই টাকা তোলেন। টাকা নিয়ে বাড়ি ফেরার পথে কাশিয়াবালা সড়কে এলাকার দুজন মাদকসেবী তরুণ তাঁদের পথরোধ করে মারধর করে এবং ছেলের বউয়ের কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
খোদেজা খাতুন বলেন, এই টাকা দিয়ে তাঁদের পরিবারের সকলের এবং মেয়ে ও মেয়ের জামাইকে ঈদে নতুন পোশাক কিনে দিতেন। মাদকসেবী দুজন তাঁদের সঙ্গেই যাচ্ছিল। সেই টাকা তারা ছিনতাই করে নেবে বুঝতেও পারেননি।