ঈদ ঘিরে ব্যস্ত কালাই রাজবাটির কামারেরা
কোরবানির ঈদ সামনে রেখে ভিড় জমেছে বগুড়ার কাহালু উপজেলার কামার গ্রাম হিসেবে পরিচিত কালাই রাজবাটি গ্রামে। ক্রেতাদের চাহিদা পূরণ করতে কামার পরিবারগুলোর নারী ও শিশুরাও কাজে হাত লাগাচ্ছে।
গ্রামটির অবস্থান উপজেলা সদর থেকে ১৬ কিলোমিটার দূরে। বীরকেদার-নামুজার পাকা রাস্তা থেকে মেঠো পথ ধরে গতকাল শনিবার ওই গ্রামে যেতেই পাওয়া গেল লোহা পিটানোর শব্দ। গ্রামে ঢুকতেই চোখে পড়ে বাঁশের চার খুঁটির ওপর টিনের দোচালার নিচে একজন স্কুলছাত্র হাপরের চেইন টেনে কয়লার আগুনে লোহা লাল করছে। তপ্ত লাল লোহায় হাতুড়ি পেটাতে পেটাতে পবন কুমার মোহন্ত বলেন, কোরবানি ঈদের কাজের খুব চাপ। সারা বছরে যে কাজ হয় তার চেয়ে এ ঈদে বেশি কাজ করতে হয়। তাই ছেলে আকাশ মোহন্তকে কাজে লাগিয়েছেন। আকাশ কালাই গ্রামের শিবপুর উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
কয়েক হাত পরই ওই ধরনের দোচালার নিচে একইভাবে মাংস কাটার অস্ত্র তৈরি করছেন কামার অচিন্ত্য কুমার মোহন্ত। এক ছেলে হাপর টানিয়ে আগুন দিচ্ছেন। আরেক ছেলে বাবার সঙ্গে তপ্ত লোহায় হাতুড়ি পেটানোর কাজ করছেন। বাড়ির ভেতরে অচিন্ত্যের স্ত্রী সরস্বতী রানী মোহন্ত অস্ত্রে ধার দিচ্ছেন।
কাজের ফাঁকে আরেক কামার চিত্তরঞ্জন মোহন্ত (৫৬) বলেন, গত চার-পাঁচ বছর লোহার দামের তেমন কোনো হেরফের হয়নি। আগে কম পুঁজি দিয়ে এ ব্যবসা করেছেন। এখন গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করছেন।
দা-ছুরি বানাতে এসেছেন শিবগঞ্জের পীরব গ্রামের আবদুর রহিম (৬২)। তিনি বলেন, এখানকার কামারের তৈরি জিনিস খুবই ভালো।
কালাই রাজবাটি গ্রামের পাইকার নিবারণ মোহন্ত বলেন, এখানকার কামারদের তৈরি মালামালের সারা বছরই চাহিদা থাকে। তিনি সপ্তাহে এক দিন করে মালামাল নিয়ে যান, পাইকারি বিক্রি করেন ঢাকার কারওয়ান বাজারে।