ঈদ জামাত নিয়ে সংঘর্ষ, আহত ৮

নওগাঁর রানীনগরে ঈদের নামাজ পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় লোকজন জানান, উপজেলার কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে পাঁচটি পাড়া মিলে একটি ঈদগাহ মাঠ রয়েছে। এর মধ্যে গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার মধ্যে আগে থেকে বিরোধ ছিল। ঈদের আগের দিন দক্ষিণপাড়ার মুসল্লিরা ঈদের নামাজ গ্রামের বড় মসজিদে পড়ার জন্য সময় নির্ধারণ করেন সকাল সাড়ে আটটায়। আর উত্তরপাড়া মুসল্লিরা ঘোষণা দেন, ঈদের নামাজ সকাল নয়টায় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
ঈদের দিন শনিবার সকালে হঠাৎ করে দক্ষিণপাড়ার লোকজন মসজিদে নামাজ না পড়ে নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠে হাজির হন, উত্তরপাড়ার নির্ধারিত ইমামের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন এবং ইমামকে ঈদগাহ মাঠ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।
এ সময় গ্রামের দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উত্তরপাড়ার মো. জয়নুল ইসলাম (২৩), ময়নুল ইসলাম (৩০), আবদুল খালেক শেখ (৬৫), ফায়সাল হোসেন (১৪), জামাল খান (৬০), জহুরুল ইসলামসহ (৩৫) কমপক্ষে আটজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।