ঈদ বকশিশের নামে ছাত্রলীগের চাঁদাবাজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ বকশিশের নামে পুরান ঢাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা চাঁদাবাজি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে চাঁদাবাজি করতে গিয়ে পৃথক দুটি ঘটনায় ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন ছাত্রলীগের চার নেতা-কর্মী। এর মধ্যে একটি ঘটনায় এক ব্যবসায়ীকে মারধর করেছেন তাঁরা।
অভিযোগ রয়েছে সদরঘাট, ইসলামপুর, পাটুয়াটুলী, বাংলাবাজার ও রায়সাহেব বাজার এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শরিফুল ইসলাম। তিনি নিজেও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে চাঁদা আনেন বলে অভিযোগ রয়েছে। তবে চাঁদাবাজিতে সংগঠনের ও নিজের সম্পৃক্ততার কথা জানতে চাইলে বিষয়টি অস্বীকার করেন শরিফুল ইসলাম। বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের কোনো কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগও ভিত্তিহীন।
ছাত্রলীগের একজন সহসভাপতি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১৫ রমজানের পর থেকে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ‘ঈদ শুভেচ্ছা’ কার্ড পাঠায় ছাত্রলীগ। পরে ঈদের সাত থেকে আট দিন আগে চাঁদা ওঠাতে মাঠে নামেন শরিফুল ইসলাম। আর তাঁর সঙ্গে থেকে ‘ক্যাশিয়ার’ হিসেবে কাজ করছেন ছাত্রলীগের সাবেক নেতা ও সেকশন অফিসার জাকির হোসেন।
ব্যবসায়ী ও ছাত্রলীগের সূত্রগুলো জানায়, পুরান ঢাকার ওই এলাকাগুলোতে প্রায় সাড়ে তিন হাজার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ইসলামপুরে কাপড় ব্যবসায়ী মালিক সমিতি থেকে ১০ হাজার, পাটুয়াটুলীর চশমা থেকে ২০ হাজার, ঘড়ি থেকে ২০ হাজার এবং বাংলাবাজারে বই ও প্রকাশনা থেকে ২০ হাজার টাকা চাঁদা নেওয়া হয়েছে। আর সমিতিবিহীন প্রতিষ্ঠান থেকে নেওয়া হচ্ছে গড়ে ২০০ থেকে ৫০০ টাকা। এ ছাড়া বাংলাবাজারের সুন্দরবন, করতোয়া ও জননী কুরিয়ার সার্ভিস থেকে পাঁচ হাজার করে ১৫ হাজার, খাবারের দোকান এএফসি থেকে পাঁচ, ওরাকল কোচিং সেন্টার থেকে পাঁচ, সুমনা হাসপাতাল থেকে ২০ হাজার, হোটেল ইন্টারন্যাশনাল থেকে পাঁচ হাজার, রায়সাহেব বাজার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে ১০ হাজার, মেডিনোভা হাসপাতাল থেকে পাঁচ হাজার, ইউসিসি ও ইউনাইটেড কোচিং সেন্টার থেকে পাঁচ করে ১০ হাজার টাকা নেওয়া হয়েছে। আর তানজিল, ইউনাইটেড, বাহাদুর সাহা, সুপ্রভাত ও মহানগরসহ সাতটি পরিবহন মালিক সমিতি থেকে নেওয়া হয়েছে প্রায় ৬৫ হাজার টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক সুমনা হাসপাতালের এক কর্মকর্তা বলেন, হাসপাতালের মালিক সিরাজুল ইসলামের কাছে গত মঙ্গলবার ৫০ হাজার টাকা দাবি করেছিলেন শরিফুল। পরে তাঁদের ২০ হাজার টাকা দিয়ে বিদায় করা হয়।
জানা যায়, সদরঘাটের ইস্ট বেঙ্গল মার্কেটে গত মঙ্গলবার চাঁদাবাজি করতে যান ছাত্রলীগের সহসভাপতি মো. হানিফ, তথ্য, গবেষণা ও প্রকাশনা সম্পাদক মো. মামুন। এ সময় তাঁদের মারধর করে পুলিশে দেন ব্যবসায়ীরা। পরে তাঁদের পরিচয় পেয়ে ছেড়ে দেয় পুলিশ। এদিকে গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন নগর সিদ্দিক প্লাজার আশা ফ্যাশন বস্ত্রবিতানে চাঁদাবাজি করতে গিয়ে ব্যবসায়ীদের হামলার শিকার হন ছাত্রলীগের বহিষ্কৃত কর্মী কানন ও মো. ইব্রাহীম। পরে ছাত্রলীগের ৮-১০ জন নেতা-কর্মী ওই দোকান ও মালিককে মারধর করেন। কানন ও ইব্রাহীম শরিফুল ইসলামের পক্ষের কর্মী। সিদ্দিক প্লাজার দোকান মালিক সাইফুল ইসলামের অভিযোগ, ‘ছাত্রলীগের জন্য সারা বছরই ঈদ লাইগা থাকে। চাঁদা ও ফাও কাপড় নিয়ে তারা দোকানগুলো প্রায় ফাঁকা করে দিছে।’