ঈদ শেষ হলেও চলছে মেলার নামে জুয়া
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ঈদ আনন্দ মেলার মেয়াদ গত বুধবার শেষ হলেও গতকাল বৃহস্পতিবারও মেলার কার্যক্রম চলতে দেখা গেছে। সেই সঙ্গে মেলায় চলছে জুয়ার জমজমাট আসর।
গতকাল বিকেলে মেলায় গিয়ে দেখা যায়, চার-পাঁচ জায়গায় বসেছে জুয়ার আসর। চলছে লটারির টিকিট বিক্রি। শহরের বিভিন্ন মোড়েও গতকাল মেলার লটারির টিকিট মাইকিং করে বিক্রি হতে দেখা গেছে।
মেলা কমিটির সদস্য ও মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, মেলার মেয়াদ শেষ হওয়ার ব্যাপারে গতকালই ঘোষণা দেওয়া হয়েছে। সার্কাস ও যাত্রার প্যান্ডেল গুটিয়ে নেওয়া হয়েছে। তবে জুয়া প্রসঙ্গে তিনি বলেন, এসব পরিচালনা করে অন্য একটি কমিটি। এটি নিয়ন্ত্রণ করেন সাইদুর রহমান নামের এক ব্যক্তি। তবে মেলায় তাঁর কার্যালয়ে গিয়ে সেখানে তালা ঝুলতে দেখা যায়।
চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, মেলার মেয়াদ ছিল ২৭ জুলাই পর্যন্ত। মেলায় লটারি বা কোনো প্রকার জুয়ার আসর চালানোর অনুমোদন নেই। মেলা বন্ধের নির্দেশ দিয়ে মেলা কমিটির সভাপতি, পুলিশ সুপার, সদর থানার ওসির কাছে চিঠি পাঠানো হয়েছে।